২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক রপ্তানি: ব্র্যান্ডিংয়ের পরামর্শ জার্মান রাষ্ট্রদূতের

বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়াতে ব্র্যান্ডিংয়ের ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকায় জার্মানির রাষ্ট্রদূত টমাস প্রিঞ্জ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2016, 11:10 PM

Updated : 11 Oct 2022, 09:01 PM

মঙ্গলবার ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ডেনিম এক্সপোর উদ্বোধনী দিনের আলোচনায় অংশ নিয়ে এ পরামর্শ দেন তিনি।

প্রিঞ্জ বলেন, “ব্র্যান্ডিং খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে পোশাক প্রস্তুতকারক দেশ হিসাবে নিজেদের পরিচিত করে তুলে ধরতে হবে।”

দেশ-বিদেশি ডেনিম প্রস্তুতকারকদের নিয়ে শুরু হওয়া দুই দিনব্যাপী এই প্রদর্শনীতে বিশ্বের ১৫টি দেশের ৫৫ জন ডেনিম ব্যবসায়ী অংশ নিয়েছেন।

সুইডেনের রাষ্ট্রদূত জন প্রিসেলও এদিনের আলোচনায় অংশ নেন।

পোশাক রপ্তানি থেকে ৫০ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যপূরণে ক্রেতাদের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলার পরামর্শ দেন আমদানিকারক দুই দেশের রাষ্ট্রদূত।

এছাড়া নকশায় নতুনত্ব, গবেষণাখাতের উন্নয়ন, গুণগত মানের কারখানার সংখ্যা বাড়ানো এবং শ্রমিকের কর্ম পরিবেশ নিশ্চিত করারও পরামর্শ তারা।

পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন সকাল সাড়ে ১০টার দিকে প্রদর্শনীর দ্বার উন্মুক্ত হয়। প্রদর্শনী ঘুরে দেখতে একে একে আসতে শুরু করেন নির্ধারিত দর্শকরা। বিশ্বের বিভিন্ন দেশের প্রায় পাঁচ হাজার ডেনিম বিশেষজ্ঞ ও ব্যবসায়ী প্রদর্শনীতে অংশ নিতে আগেই নিবন্ধন করেছিলেন বলে আয়োজকরা জানান।

অংশগ্রহণকারীদের মধ্যে য্ক্তুরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস, তুরস্ক, স্পেন, বেলজিয়াম, সুইডেন, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম ও চীনের ব্যবসায়ীরা রয়েছেন বলে আয়োজকরা জানান।

সকালে মেলা শুরুর কিছুক্ষণের মধ্যে সেখানে বিষয়ভিত্তিক সেমিনার ও মুক্ত আলোচনা শুরু হয়। দেশ-বিদেশি ডেমিন ব্যবসায়ীদের পাশাপশি, ক্রেতা ও দূতাবাসকর্মীরা আলোচনায় অংশ নেন।

প্রথম দিনে বিজিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট ও ইভারগ্রিন স্যুয়েটারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসিরের সঞ্চালনায় ‘ফিফটি বিলিয়ন বাই ২০২১: ইনোভেশন দ্য স্ট্র্যাটেজিক বিজনেস ড্রাইভার’ শীর্ষক প্যানেল আলোচনা শুরু হয়।

সেখানে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত টমাস প্রিঞ্জ বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাক শিল্প এখন ভালো অবস্থানে রয়েছে। তবে ৫০ বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে টেকসই শিল্প গড়ে তুলতে হবে। পণ্যের গুণগত মান উন্নয়নের পাশাপাশি ডিজাইনের ধরনের আপডেট করতে হবে। ২০১৮ সালের পর অ্যাকর্ড ও অ্যালায়েন্সের মেয়াদ শেষ হলে চুক্তির ভবিষ্যত কী হবে, সেটা এখনই ঠিক করে নিতে হবে। এর পরে যাতে কর্মপরিবেশের গুণগত মানোন্নয়নের প্রচেষ্টা চলতে থাকে সেই ব্যবস্থা নিতে হবে।

ছোট ও কমপ্লায়েন্ট নয় এমন কারখানাগুলো বাজার থেকে সরানোর পরামর্শও দেন এই কূটনীতিক। বাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে নিজস্ব পণ্যের ব্রান্ডিং করার পরমর্শও দেন তিনি।

ঢাকায় সুইডিশ রাষ্ট্রদূত জন প্রিসেল বলেন, পোশাকশিল্পের উন্নয়নে বাংলাদেশের দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকা উচিত। ক্রেতাদের দীর্ঘদিনের নিরবচ্ছিন্ন সম্পর্ক তৈরি হবে। এটা ব্যবসার স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সবকটি দেশে বাংলাদেশ প্রায় সব ধরনের রপ্তানি সুবিধা পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তবে বাংলাদেশ আর কতদিন এই সুবিধা পাবে সেটা চিন্তা করা প্রয়োজন।  

“কারণ বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর তালিকা থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হতে যাচ্ছে। তখন তারা কিছু বাণিজ্যিক সুবিধাও হারাবে। এটা হয়তো দু’চার বছরের মধ্যে হবে না। তবে পরিকল্পনা সফল হলে এমনটি হওয়ারই কথা।”

স্বল্পোন্নত দেশের সুবিধাগুলো থেকে বেরিয়ে এসেও ব্যবসার ধারাবাহিকতা ধরে রাখতে রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট এবং নতুন নতুন ইনোভেশনের মনোযোগী হওয়ার পরামর্শ দেন প্রিসেল।

“বাংলাদেশকে রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট, নিউ ইনোভেশনে বিনিয়োগ করতে হবে, যাতে করে ক্রেতাদের সঙ্গে ধারাবাহিক সম্পর্ক বজায় থাকে। তাদের সঙ্গে দীর্ঘমেয়াদে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে হবে।”  

পিভিএইচ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার নাজিব সাঈদ বলেন, বাংলাদেশে সস্তায় শ্রম পাওয়া যায় এমনটি ভেবে চমকিত হওয়ার কোনো কারণ নেই। এখানকার কারখানা শ্রমিকরা বিশ্বের যে কোনো দেশের শ্রমিকদের থেকে পরিশ্রমী, এটাই বিশ্বের অন্যতম এই পোশাক রপ্তানিকারক দেশটির মূল রহস্য।

রপ্তানিকারকদের উদ্দেশ্যে তিনি বলেন, “পোশাক রপ্তানি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে হলে রপ্তানিকারকদের ডিজাইনের বৈচিত্র্যের দিকে নজর দিতে হবে। প্রতিনিয়তই ফ্যাশন জগতের চাহিদা ও রুচির পরিবর্তন আসছে। তাই প্রতিযোগিতামূলক বাজারে ভালো করতে হবে পোশাকের গুণগত মান বাড়ানোর পাশাপাশি নকশারও বৈচিত্র্য থাকতে হবে।”

তুশুকা গ্রুপের চেয়ারম্যান আরশাদ জামাল দীপু বলেন, পোশাক শিল্পে বাংলাদেশের অভিজ্ঞতা প্রায় ২৫ বছরের। দীর্ঘদিন ধরে কাজ করার ফলে স্থানীয় পর্যায়ে একটা অভিজ্ঞতা দাঁড়িয়েছে।

“সূতরাং আমরা যে কোনো উন্নয়ন চিন্তা করতে গেলে সেই অভিজ্ঞতা সহযোগিতা করবে। স্থানীয় অভিজ্ঞতার সঙ্গে বৈশ্বিক ট্রেন্ডসগুলো মিলিয়ে ভবিষ্যতে পোশাক শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করতে হবে।

“২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন রপ্তানি আয় নিয়ে ব্যক্তিগতভাবে আমার কোনো পরিকল্পনা নেই। সর্বোচ্চ সামর্থ্য ও অর্জিত জ্ঞানের ওপর ভর করে চেষ্টা করা গেলে আগামী ৫/৬ বছরের মধ্যে এটা অর্জন করা অসম্ভব কিছু নয়।”