২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বসছে আন্তর্জাতিক তাঁত মেলা

বাংলাদেশে প্রথমবারের মত আন্তর্জাতিক তাঁত মেলা বসছে ১৭ থেকে ১৯ নভেম্বর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2016, 09:51 PM

Updated : 11 Oct 2022, 09:01 PM

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় টিএস ইভেন্টস ও রিলাস ফ্যাশন বুটিক এর উদ্যোগে ঢাকা সেনা জাদুঘর প্রাঙ্গণে তিন দিনের এই আয়োজন হচ্ছে।

সোমবার গুলশান ক্লাবে এক সংবাদ সম্মেলনে রিলাস ফ্যাশন বুটিকের ব্যবস্থাপনা পরিচালক মানতাশা আহমেদ ও টিএস ইভেন্টের ব্যবস্থাপনা পরিচালক টুটলি রহমান এ আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন।

পাঁচটি দেশের ২৫ জন ডিজাইনার ‘আন্তর্জাতিক উইভার্স ফেস্টিভাল’ এ তাদের পণ‌্যের পসরা তুলে ধরবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। 

টুটলি রহমান বলেন, “বর্তমানে ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁত শিল্পের অবস্থা খুবই করুণ। যন্ত্রচালিত তাঁতের সঙ্গে টিকতে না পেরে বিলুপ্তির পথে এ শিল্প। যে ক’জন এখনও এ পেশা আঁকড়ে ধরে আছেন, তাদের যুদ্ধ করতে হচ্ছে উচ্চমূল্যের কাঁচামাল আর কমতির দিকে থাকা চাহিদার সঙ্গে।”

দেশীয় তাঁত শিল্পের ঐতিহ্য আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার পাশাপাশি এ দেশের তাঁত শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনার স্বপ্ন থেকেই এ আয়োজন বলে জানান তিনি।

মেলায় থাকবে ‘হ্যান্ডলুম মক ভিলেজ’, যেখানে গ্রাম বাংলার তাঁতীদের কাপড় বোনার পরিবেশ ফুটিয়ে তোলা হবে। 

এছাড়া খাদি, গামছা, মসলিন, বেনারশী ও জামদানি কাপড়ের পোশাক নিয়ে ডিজাইনারদের প্রদর্শনীর আয়োজন করা হবে; থাকবে সা্ংস্কৃতিক অনুষ্ঠান ও তথ‌্যচিত্রের প্রদর্শনী।

কনসার্টে অংশ নেবেন জেমস, চিরকুট, জলের গান, মিলা, অর্ক, অন্বেষা ও মেহরিন এবং ভারতীয় সংগীত শিল্পী বেনি দয়াল। তাঁতীদের জানানো হবে সম্মাননা।

আন্তর্জাতিক এ মেলার মধ‌্য দিয়ে দেশীয় তাঁত শিল্প ঘুরে দাঁড়ানো শুরু করবে বলে আশা প্রকাশ করেন মানতাশা আহমেদ।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, পূর্বাণী হোটেল, ঢাকা ব্যাংক ও গ্রিণডেল্টা ইন্স্যুরেন্সসহ বেশ কয়েকটি কোম্পানি এ মেলার পৃষ্ঠপোষকতা করছে। এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।