২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিশ্ববাণিজ্যে কম দামই শেষ কথা নয়’

বিশ্ববাণিজ্যে কম দামই এখন শেষ কথা নয় বলে মন্তব্য করেছেন প্যারিসভিত্তিক তৈরি পোশাকের সবচেয়ে বড় প্রদর্শনী টেক্সওয়ার্ল্ড ও অ্যাপারেল সোর্সিংয়ের প্রেসিডেন্ট মাইকেল শেরপে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2016, 11:02 PM

Updated : 11 Oct 2022, 09:00 PM

সোমবার রাজধানীর কারওয়ান বাজারে লা ভিঞ্চি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে এই পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি।

শেরপে বলেন, “প্রতিযোগিতামূলক বিশ্ববাণিজ্যে পোশাকের কম দামই এখন আর শেষ কথা নয়। একই সঙ্গে পণ্যের মান, উপস্থাপনা ও উৎপাদন পরিবেশও গুরুত্বপূর্ণ।

“ইউরোপের মত বড় বাজারে বাংলাদেশের রপ্তানি আরও বাড়াতে এসব বিষয়ে বাংলাদেশকে আরও মনোযোগ দিতে হবে।”

বিশ্বের শীর্ষ প্রদর্শনী প্রতিষ্ঠান জার্মানিভিত্তিক মেসে ফ্রাঙ্কফুর্ট-এর প্যারিস শাখার প্রধান হিসেবে তিনদিনের সফরে গত রোববার ঢাকায় আসেন তিনি।

তৈরি পোশাকের বিশ্ববাণিজ্যে বাংলাদেশের শক্তিশালী অবস্থানের প্রসঙ্গ টেনে মাইকেল শেরপে বলেন, প্রতিযোগিতামূলক বাজারে শুধু সস্তা শ্রম দিয়ে দীর্ঘ মেয়াদে টিকে থাকা মুশকিল। অবশ্য একই সঙ্গে গুণগত মানের পোশাকও উৎপাদন করছে বাংলাদেশ।

“আর এ কারণেই ক্রেতাদের আস্তায় তৈরি পোশাকের দ্বিতীয় প্রধান রপ্তানিকারক দেশের মর্যাদা অর্জন করেছে বাংলাদেশ।”

‘পোশাকের বাজার সম্প্রসারণে ক্রেতার চাহিদা এবং ফ্যাশন প্রবণতা দ্রুত বুঝে ওঠার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে’ মন্তব্য করে তিনি বলেন, “মেলা, প্রদর্শনীর মাধ্যমে সে সুযোগ তৈরি হয়।

“প্যারিসের মত ফ্যাশন বাজারে টেক্সওয়ার্ল্ড এবং অ্যাপারেল সোর্সিংয়ে অংশ নেওয়ার মাধ্যমে গত কয়েক বছর ধরে বেশ ভালোভাবে এ সুযোগ কাজে লাগাচ্ছেন বাংলাদেশের উদ্যোক্তারা।”

প্যারিসে বছরে দুই বার অনুষ্ঠিত টেক্সওয়ার্ল্ড এবং অ্যাপারেল সোর্সিং প্রদর্শনী ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাকের বাজার বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে দাবি করেন শেরপে।

জোট হিসেবে ইউরোপ বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান বাজার।

রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবির তথ্য অনুযায়ী, বাংলাদেশের তৈরি পোশাকের মোট রপ্তানি আয়ের ৬০ শতাংশই আসে ইউরোপের বাজার থেকে।

গত রোববার ঢাকা সফরে এসে ইপিবি শীর্ষ কর্মকর্তা ও বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠক করেন মাইকেল শেরপে।

এর মধ্যে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ সহ-সভাপতি নাসির হোসেন এবং ইপিবির ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানার পাশাপাশি বাংলাদেশ লেদার ফুটওয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলামের সঙ্গে তার বৈঠক হয়।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় মেসে ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশের ওমর সালাহউদ্দিন, নাজনীন সালাহউদ্দিন এবং রুমানা আফরোজ উপস্থিত ছিলেন।