২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে রপ্তানি বাড়াতে নৌ-প্রটোকল চুক্তি দাবি

মিয়ানমারের সঙ্গে রপ্তানি বাণিজ্যের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে দ্রুত নৌ-প্রটোকল চুক্তি স্বাক্ষরের পাশাপাশি ব্যাংকিং লেনদেনের সুবিধা চালুর দাবি জানিয়েছেন বাংলাদেশ-মিয়ানমার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2016, 08:14 PM

Updated : 20 Aug 2022, 02:09 PM

সোমবার রাজধানীর কারওয়ান বাজারের লা ভিঞ্চি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে চেম্বারের সভাপতি এস এম নুরুল হক এ দাবি জানান।

তিনি বলেন, মিয়ানমারে গণতান্ত্রিক ধারা ফিরে আসার পর দেশটির সঙ্গে রপ্তানি বাণিজ্য ও বিনিয়োগের বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে। যোগাযোগ সুবিধাকে কাজে লাগিয়ে অন্য যেকোনো দেশের চেয়ে বাংলাদেশের পক্ষে এ সম্ভাবনাকে কাজে লাগানো অনেক সহজ।

‘এ জন্য কিছু সরকারি সিদ্ধান্ত দ্রুত কার্যকর প্রয়োজন’ মন্তব্য করে নুরুল হক বলেন, “দুদেশের সঙ্গে নৌ-প্রটোকলের খসড়া প্রায় চূড়ান্ত হয়ে আছে। এখনই উপযুক্ত সময় সেই প্রটোকল চুক্তি স্বাক্ষরের কার্যকর উদ্যোগ গ্রহণ করার।”

তিনি বলেন, সম্প্রতি মিয়ানমার তাদের দেশের পররাষ্ট্রনীতি অনুমোদন করেছে। সেই নীতির সঙ্গে সংগতি রেখে প্রটোকল স্বাক্ষরে দুদেশের দিক থেকে উদ্যোগ নেওয়া জরুরি।

আগামী ৯ ও ১০ নভেম্বর ঢাকায় বাংলাদেশ-মিয়ানমার অষ্টম যৌথ কমিশনের বৈঠকে নৌ-প্রটোকল চুক্তি স্বাক্ষর ও ব্যাংকিং লেনদেনের সুবিধা চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানান তিনি।

বর্তমানে মিয়ানমারে ব্যাপক উন্নয়ন ও নিমার্ণ কাজ চলছে। সেখানে বাংলাদেশের প্রকৌশলীদের পরামর্শক হিসেবে কাজ করার সুযোগ রয়েছে বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা।

চেম্বারের নির্বাহী পরিচালক মোসলেহ উজ জামান বলেন, বর্তমানে মিয়ানমারে বৈধপথে রপ্তানি বাড়ানোর বড় প্রতিবন্ধকতা ব্যাংকিং চ্যানেলে লেনদেনের সুবিধা না থাকা। সে কারণে মিয়ানমারে কোনো পণ্য রপ্তানি করতে হলে সিঙ্গাপুর হয়ে এলসি (লেটার অব ক্রেডিট) খুলতে হয়।

“এতে অনেক বেশি সময় লাগে এবং খরচ বেড়ে যায়। বৈধ পথে রপ্তানিতে নানা বাধা থাকায় দুদেশের মধ্যে বাণিজ্যের সিংহভাগই এখন অবৈধ পথে হচ্ছে। যার সুবিধা পাচ্ছে না বাংলাদেশ।”

বাংলাদেশ-মিয়ানমার চেম্বার নেতারা বলেন, বর্তমানে মিয়ানমারের উন্নয়ন ও নিমার্ণ কাজ চলছে। সেখানেও বাংলাদেশের প্রকৌশলীদের পরামর্শক হিসেবে কাজ করারও সুযোগ রয়েছে।

বর্তমানে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বৈধ বাণিজ্য সম্পর্ক একেবারেই নগণ্য।