২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান হাইওয়ের জন্য নির্মাণ-পরামর্শক নিয়োগ

এশিয়ান হাইওয়েতে ১৭টি সেতু, সাতটি কালভার্ট, একটি টোলপ্লাজা ও দুইটি এক্সেল লোড কন্ট্রোল স্টেশনের বিস্তারিত নকশা ও নির্মাণকাজ তদারকির জন্য পরামর্শক নিয়োগে চুক্তি সই করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2016, 03:10 PM

Updated : 20 Aug 2022, 02:10 PM

সোমবার মহাখালীর সেতু ভবনে সওজের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান ও অরিয়েন্টাল কনসালট্যান্টস গ্লোবাল কোম্পানি লিমিটেডের পক্ষে আটসুসি নিশি মোরা চুক্তিতে সই করেন।

পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “জাপানের অর্থায়নে ক্রস বর্ডার ইম্প্রুভমেন্ট প্রকল্পের আওতায় এশিয়ান হাইওয়ে-২ এবং এশিয়ান হাইওয়ে-৪১ এ মোট ১৭টি সেতু ও সাতটি কালভার্টসহ একটি টোলপ্লাজা এবং ২টি এক্সেল লোড কন্ট্রোল নির্মিত হবে।”

আড়াই হাজার কোটি টাকার এই প্রকল্পে জাপান সরকারের একহাজার নয়শ কোটি টাকা আর্থিক সহায়তা থাকছে জানিয়ে কাদের বলেন, “১৭টি সেতুর মধ্যে বেনাপোল-মাদারীপুর সড়কে পাঁচটি সেতু, বারৈয়ারহাট-রামগড় সড়কে আটটি সেতু এবং কক্সবাজার-চট্রগ্রাম সড়কে নির্মিত হবে চারটি সেতু।”

মন্ত্রী বলেন, পরামর্শক প্রতিষ্ঠানের লিড পার্টনার হিসেবে যৌথভাবে অরিয়েন্টাল কনসালট্যান্টস গ্লোবাল কোম্পানি লিমিটেড, অরিয়েন্টাল কনসালট্যান্টস কোম্পানি লিমিটেড ও প্যাডকো কোম্পানি লিমিটেড কাজ করবে।

২৩৬ কোটি টাকার পরামর্শক নিয়োগের এই চুক্তির মধ্যে কালনা সেতুর নকশা অন্তর্ভুক্ত থাকছে বলেও জানান তিনি।

“পদ্মা সেতুর বেনিফিট নিতে হলে এশিয়ান হাইওয়েতে মিসিং লিংক এবং পদ্মা সেতু নির্মাণের পাশাপাশি কালনা সেতু নির্মাণ করতে হবে।”

আগামী চার মাসের মধ্যে কালনা সেতুর নকশাসহ অন্যান্য প্রস্তুতি শেষ করে আগামী মার্চে সাতশ মিটার দীর্ঘ চার লেনের এ সেতুর কাজ শুরু করা যাবে বলেও জানান ওয়াবদুল কাদের।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক ও সেতু বিভাগ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।