বিটিআরসি কর্মকর্তারা সিটিসেল কার্যালয়ে
দেনার দায়ে তরঙ্গ বন্ধ করে দেওয়ার ১৭ দিন পর আবারও সংযোগ দিতে মহাখালীতে দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেলের প্রধান কার্যালয়ে প্রবেশ করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির একটি প্রতিনিধি দল।
বিটিআরসির পরিচালক ইয়াকুব আলী ভূইয়ার নেতৃত্বে চার সদস্যের একটি দল রোববার সন্ধ্যা ৬টার আগে আগে সিটিসেল কার্যালয়ে পৌঁছান।
এর আগে বিকালে বিটিআরসি কার্যালয়ে এক বিশেষ সভা শেষে সংস্থার প্রধান শাজাহান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকের মধ্যে সিটিসেল খুলে দেওয়া হবে। আমাদের একটি টিম সিটিসেল অফিসে যাবে।”
বকেয়া টাকা শোধ না করায় গত ২০ অক্টোবর সিটিসেলের তরঙ্গ স্থগিত করা হয়। এরপর সিটিসেল কার্যক্রমে ফেরার আবেদন নিয়ে আপিল বিভাগে গেলে গত বৃহস্পতিবার অবিলম্বে তাদের তরঙ্গ খুলে দেওয়ার নির্দেশ আসে সর্বোচ্চ আদালত থেকে।
আপিল বিভাগের আদেশে বলা হয়, আগামী ১৯ নভেম্বরের মধ্যে সিটিসেল বকেয়ার ১০০ কোটি টাকা পরিশোধ না করলে আবারও তরঙ্গ বন্ধ করে দিতে পারবে বিটিআরসি।
আদালতের ওই আদেশের পর সিটিসেলের সংযোগ ফিরিয়ে দিতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা তাৎক্ষণিকভাবে শুরু করেছে বলে সেদিন জানিয়েছিলেন বিটিআরসির আইনজীবী ব্যারিস্টার রেজা-ই-রাব্বী খন্দকার।
তিনি বলেছিলেন, “আদেশের অনুলিপির জন্য অপেক্ষা করতে হবে না। আদেশের পরই আমি বিটিআরসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোনে বলে দিয়েছি। বিটিআরসির যা সামর্থ্য আছে, তা নিয়ে সংযোগ ফিরিয়ে দিতে তারা কাজ শুরু করেছেন।”
কিন্তু এরপর দুই দিন পেরিয়ে গেলেও তরঙ্গ ফিরে না পেয়ে ফের আদালতে যায় সিটিসেল। তাদের আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারকের বেঞ্চ এ বিষয়ে বিটিআরসির ব্যাখা জানতে চায়।
আদালতের নির্দেশনার পরও সিটিসেলের তরঙ্গ কেন খুলে দেওয়া হয়নি, তা বেলা সাড়ে ১১টার মধ্যে জানাতে বলা হয়।
পরে বিটিআরসির পক্ষ থেকে আদালতকে জানানো হয়, সিটিসেলের তরঙ্গ খুলে দেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং এ বিষয়ে বিকালে মিটিং ডাকা হয়েছে।
এরই মধ্যে দুপুরে জিপিওতে বিশ্ব ডাক দিবসের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, “তরঙ্গ খুলে দিতে হলে কয়েকটি পর্যায় এবং টেকনিক্যাল কিছু কাজ আমাদের করতে হয়। বিটিআরসি সেটি শুরু করেছে, যা একটু সময় সাপেক্ষ এবং সেটার জন্য একটু সময় লাগছে।”
আদালতের আদেশের সত্যায়িত অনুলিপি এখনও হাতে পাননি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “তারপরও আমরা কাজটি চালিয়ে যাচ্ছি। কিন্তু টেকনিক্যাল কারণে একটু সময় আমাদের দিতে হচ্ছে; সার্টিফায়েড কপির জন্যও আমরা অপেক্ষা করছি।”
১৯৮৯ সালে বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটর হিসেবে লাইসেন্স পায় বাংলাদেশ টেলিকম লিমিটেড (বিটিএল), যা পরে মালিকানার হাতবদলে সিটিসেলে পরিণত হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ কোম্পানির ৩৭ দশমিক ৯৫ শতাংশ শেয়ারের মালিক বিএনপি নেতা মোরশেদ খানের প্যাসিফিক মোটরস লিমিটেড।
এছাড়া সিঙ্গাপুরের সিংটেল এশিয়া প্যাসিফিক ইনভেস্টমেন্ট লিমিটেড এর ৪৫ শতাংশ এবং ফার ইস্ট টেলিকম লিমিটেড ১৭ দশমিক ৫১ শতাংশ শেয়ারের মালিক।
