সবজির দাম কমেছে, সুলভে ফিরেছে ইলিশ
কোরবানির ঈদের পর থেকে রাজধানীর বাজারে চড়তে থাকা সবজির দাম বেশ কমেছে, কয়েকদিনের বিরতি দিয়ে বাজারে ফেরা ইলিশের দামও এখন ক্রেতাদের ‘হাতের নাগালে’।
শুক্রবার ঢাকার কয়েকটি কাচাবাজার ঘুরে দেখা গেছে অলিগলির দোকানে শাক-সবজির দাম এখনও কিছুটা চড়া থাকলেও কারওয়ানবাজারের পাইকারি ও খুচরা দোকানগুলোতে দাম বেশ পড়েছে।
জাবের নামের সেখানকার এক ক্রেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকালও সিমের কেজি ৮০ টাকা ছিল। আজকে (শুক্রবার) তা কমে ৪০ টাকায় নেমে এসেছে।”
এই বাজারে শুক্রবার করলা, ঢেঁড়শ, কচুরমুখী, মুলাসহ অন্যান্য সবজিও গত সপ্তাহের তুলনায় বেশ কমে বিক্রি হতে দেখা যায়। গেল সপ্তাহে করলা কেজি প্রতি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়, সেখানে এদিন পাওয়া যায় ৩০ থেকে ৩৫ টাকায়।
এছাড়া ৫০ থেকে ৬০ টাকার ঢেঁড়শের কেজি ৩০ টাকা, ৩৫-৪০ টাকার মুলা ২০ টাকা এবং ৬০ থেকে ৭০ টাকার বেগুনের কেজি ৩০ টাকায় বিক্রি হতে দেখা যায়।
এদিন ঢাকার রামপুরা, উত্তর বাড্ডা ও গুলশানের গোদারাঘাটসহ অন্যান্য কাচাবাজারগুলোতে প্রায় সব সবজির দাম গত সপ্তাহের চেয়ে কমে বিক্রি হতে দেখা যায়।
তবে কারওয়ানবাজারে হঠাৎ করে সবচেয়ে বেশি কমেছে সিমের দাম।
এর কারণ সম্পর্কে এই বাজারের একজন সবজি বিক্রেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে হঠাৎ করে সিম বোঝাই পাঁচ থেকে ছয়টি ট্রাক বাজারে ঢুকেছে। এর ফলে সিমের দাম অর্ধেকে নেমে এসেছে। অন্যান্য সবজির দামও কিছুটা কম।”
এতোদিন প্রতি কেজি সিম ১০০ থেকে ৮০ টাকায় বিক্রি হয় রাজধানীর বাজারগুলোতে।
বঙ্গোপসাগর থেকে জেলেদের জালে ধরা পড়া ইলিশ। ছবিটি চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার এলাকা থেকে বৃহস্পতিবার তোলা। ছবি: সুমন বাবু
উত্তর বাড্ডায় শামীম নামে এক মাছ বিক্রেতা এক হালি ইলিশের দাম রাখছিলেন ১৬০০ টাকা। ওজনে চারটি মাছ আড়াই থেকে তিন কেজি হবে বলে জানান তিনি।
“অন্য সময়ের তুলনায় এখন ইলিশের দাম নেই বললেই চলে। এতো কম দামে ইলিশ কখনও বিক্রি করিনি,” বলেন শামীম।
তবে কারওয়ানবাজার ও রামপুরায় এই আকারের ইলিশের হালি দুই হাজার থেকে ২২০০ টাকায় বিক্রি হতে দেখা যায়।
বাজারে রুই, কাতল, তেলাপিয়া, কই, সমুদ্রের লইট্টা মাছসহ অন্যান্য মাছের দামও তুলনামূলক কম।
বাড্ডায় আকারভেদে রুই মাছের কেজি ২৮০ থেকে ৩০০ টাকা, সিলভার কার্পের কেজি ১০০ টাকা, তেলাপিয়া ১২০ টাকা, কই মাছ ১৮০ টাকায় প্রতি কেজি বিক্রি হয়।
এছাড়া চাল ও মুদি দোকানে বিক্রি হওয়া অন্যান্য নিত্যপণ্যের দাম অপরিবর্তিত রয়েছে বলে জানা গেছে।
