এক ছাদের নিচে আবাসন শিল্পের ৫ প্রদর্শনী
আবাসন শিল্পের পণ্য ও সেবা নিয়ে ১০ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে পাঁচটি আন্তর্জাতিক প্রদর্শনী।
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ( আইসিসিবি) একই ছাদের নিচে ‘আন্তর্জাতিক কনস্-এক্সপো, সেফটি এন্ড সিকিউরিটি, সোলার, পাওয়ার এবং রিয়েল এস্টেট এক্সিবিশন ২০১৬’ শিরোনামের এই প্রদর্শনীর আয়োজন করেছে সেমস গ্লোবাল।
তিন দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ১২ নভেম্বর (শনিবার) পর্যন্ত; প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্যে খোলা থাকবে।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন সেমস গ্লোবাল-এর ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন নেসা।
তিনি বলেন, প্রদর্শনীটি বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ, সৌর বিদ্যুৎ, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ সামগ্রী, নির্মাণ কৌশল, যন্ত্রাংশ, সেফটি ও সিকিউরিটি এবং আবাসন শিল্পের পণ্য ও সেবা নিয়ে আয়োজিত হবে ।
এই প্রদর্শনীতে দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি চীন, ভারত, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, জাপান, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও স্পেনের অংশগ্রহণ থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
মেহেরুন নেসা বলেন, “এই প্রদর্শনীর মাধ্যমে ভোক্তা, উদ্যোক্তা, আমদানিকারক ও সরবরাহকারীদের মধ্যে একটি সেতুবন্ধন রচিত হবে, যার ফলে সংশ্লিষ্ট খাতের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে সমন্বিত উদ্যোগ নেওয়া সহজ হবে।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রদর্শনীর পাশাপাশি সেমস্ গ্লোবাল, এনার্জি বাংলা ও রাশিয়ার রোসাটম যৌথভাবে একটি কর্মশালা আয়োজন করেছে।
শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বসুন্ধরার সেমিনার হলে আয়োজিত এই কর্মশালায় পরমাণু জ্বালানিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
সংবাদ সম্মেলনে সেমস গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, মহাব্যবস্থাপক লুৎফর রহমান ও সহ মহাব্যবস্থাপক আবু নইম মোহাম্মদ শরিফ ছিলেন।
