২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিটাল পেমেন্ট মডেল উদ্ভাবনে এটুআই-সোনালী ব্যাংক সমঝোতা

ডিজিটাল পেমেন্ট মডেল উদ্ভাবন ও উন্নয়নের লক্ষ্যে এক সঙ্গে কাজ করতে প্রধানমন্ত্রী কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির সঙ্গে সমঝোতার স্মারক সই করেছে সোনালী ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2016, 09:32 PM

Updated : 20 Aug 2022, 02:06 PM

মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয়ের এসএসএফ ব্রিফিং কক্ষে এই সমঝোতার স্মারক স্বাক্ষর অনুষ্ঠান হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই কর্মসূচির প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

এটুআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমঝোতা স্মারক অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশন, সরকারী-বেসরকারী শিক্ষকদের বেতন, বৃদ্ধভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, পাসপোর্ট ফি, ভিসা ফি ও ভ্যাট-ট্যাক্সসহ বিভিন্ন সেবা আদান প্রদানের ক্ষেত্রে ইলেকট্রনিক সিস্টেম চালুকরণে এটুআই এবং সোনালী ব্যাংক একসঙ্গে কাজ করবে।

এছাড়া ডিজিটাল পেমেন্ট ইকো-সিস্টেম বাস্তবায়নকারী সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় সাধন এবং কারিগরি সহায়তা প্রদানের বিষয়ে দুই প্রতিষ্ঠান এক সঙ্গে কাজ করার বিষয়ও রয়েছে সমঝোতা স্মারকে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান। অন্যদের এটুআই কর্মসূচির জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা এ সময় উপস্থিত ছিলেন।