সেরা ১০০ আউটসোর্সিং প্রতিষ্ঠানের তালিকায় সার্ভিসইঞ্জিনবিপিও
ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অফ আউটসোর্সিং প্রফেশনালস বা আইএওপি’র বিশ্বের সেরা ১০০ প্রতিষ্ঠানের তালিকায় এসেছে দেশের আউটসোর্সিং প্রতিষ্ঠান ‘সার্ভিসইঞ্জিনবিপিও’।
সোমবার কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্লোবাল আউটসোর্সিং ১০০ বা জিও১০০ বিশ্বের সেরা আউটসোর্সিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর একটি বার্ষিক তালিকা। এ বছরের জুনে আইএওপি সর্বশেষ তালিকাটি প্রকাশ করে।
প্রতিষ্ঠানের আকার ও প্রবৃদ্ধি, কাস্টমার রেফারেন্স, স্বীকৃতি ও সনদপত্র, উদ্ভাবনের জন্য কর্মসূচি এবং প্রাতিষ্ঠানিক সামাজিক দায়বদ্ধতা-এই পাঁচটি বিষয় বিবেচনায় নিয়ে আইএওপি এই সেরা ১০০ প্রতিষ্ঠানের তালিকা তৈরি করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আব্দুল মোনেম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান সার্ভিসইঞ্জিনবিপিও।
সার্ভিসইঞ্জিনবিপিও’র চেয়ারম্যান এএসএম মহিউদ্দিন মোনেম বলেন, “আইএওপি আমাদের বিশ্বের একটি সেরা আউটসোর্সিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়ায় আমরা গর্বিত। আমাদের তথ্যপ্রযুক্তি এবং তথ্যপ্রযুক্তি সহায়ক সেবা প্রদানের এই ধারা বজায় থাকবে।”
কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তিগত উদ্ভাবন, ডিজিটাইজেশন এবং আর্থ-সামাজিক অবদানের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে আরও জোরালো ভূমিকা পালনের প্রত্যাশা জানান মহিউদ্দিন।
