নতুন ডেবিট ও ক্রেডিট মাস্টারকার্ড এনেছে ইবিএল
চার ধরনের নতুন ডেবিট ও ক্রেডিট মাস্টারকার্ড চালু করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।
শনিবার ইবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসব কার্ড চালু করা হয়।
এতে ব্যাংকের কর্মকর্তারা জানান, দেশে মাস্টারকার্ড ব্র্যান্ডের ডেবিট ও ক্রেডিট (ওয়ার্ল্ড ও টাইটানিয়াম) কার্ডগুলো প্রথম নিয়ে এসেছে ইবিএল।
বিজ্ঞপ্তিতে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজারের বরাত দিয়ে বলা হয়, “কার্ডহোল্ডারদের জীবনধারায় পরিবর্তন আনতে আমরা ধারাবাহিকভাবে নানা ধরনের সুযোগ সুবিধা নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছি।
“ইস্টার্ন ব্যাংকের সাথে এই নতুন কার্ডগুলোর মধ্য দিয়ে আমরা কার্ডহোল্ডারদের জন্য অতুলনীয় সব অফার ও সেবার এক নতুন দ্বার উন্মোচন করার প্রত্যাশা করি।”
এসব ইবিএল মাস্টারকার্ডের মাধ্যমে নতুন পরিসরে কার্ডহোল্ডারদের নতুন নতুন চাহিদা পূরণ করে গ্রাহক সেবা নিশ্চিত করতে পারবেন বলে আশা প্রকাশ করেন ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সিইও আলী রেজা ইফতেখার।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) কনজ্যুমার ব্যাংকিংয়ের প্রধান নাজিম আনোয়ার চৌধুরী, মাস্টারকার্ড বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট গীতাংক ডি দত্ত সহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
