সিটি-ইউসেপ উদ্যোগে ৩০০ নারী পাবেন কারিগরি প্রশিক্ষণ
সিটি ফাউন্ডেশনের অর্থায়নে চলতি বছর আন্ডারপ্রিভিলাইজড চিলড্রেনস এডুকেশনাল প্রোগ্রামের (ইউসেপ) বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে ‘সুবিধাবঞ্চিত’ ৩০০ নারী কারিগরি প্রশিক্ষণ পাবেন।
সিটি ফাউন্ডেশন সিটি ব্যাংক এনএ-এর একটি ‘মানবকল্যাণমুখী সংগঠন’। সুবিধাবঞ্চিত নারীদের প্রশিক্ষণের জন্য চলতি বছর তারা ৮০ হাজার ডলার দেবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সিটি-ইউসেপ টেকনিক্যাল এডুকেশন প্রোগ্রামের আওতায় ঢাকার মিরপুর ও যাত্রাবাড়ী, গাজীপুর ও চট্টগ্রামে ইউসেপ এর প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে এই প্রশিক্ষণ দেওয়া হবে।
সিটি ফাউন্ডেশন ও ইউসেপ এর যৌথ আয়োজনে মঙ্গলবার এক অনুষ্ঠানে এ প্রকল্পের অধীনে গতবছর প্রশিক্ষণ নেওয়া ১২০ জন নারীকে সংবর্ধনা দেওয়া হয়।
সেইসঙ্গে ২০১৬ সালের কোর্সের উদ্বোধন এবং নতুন প্রশিক্ষণার্থীদের বরণ করে নেওয়া হয় বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
এতে বলা হয়, ২০১৫ সালে এ প্রকল্পে কারিগরি প্রশিক্ষণ নেওয়া ১২০ জনের মধ্যে ৭৩ জন ইতোমধ্যে চাকুরি পেয়েছেন। ১২ জন উচ্চশিক্ষার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন।
ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিলের (এনএসডিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম খোরশেদ আলম, সিটি ব্যাংক, এনএ বাংলাদেশের ব্যাবস্থাপনা পরিচালক রাশেদ মাকসুদ এবং ইউসেপ বাংলাদেশের সিইও জাকী হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
