ঢাকা-মাস্কট ফ্লাইটে যাচ্ছে ইউএস-বাংলা
বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা আগামী নভেম্বরে ঢাকা ও চট্টগ্রাম থেকে ওমানের রাজধানী মাস্কটে ফ্লাইট শুরু করছে।
তাদের বহরে সম্প্রতি যুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে এই ফ্লাইট চালু করা হবে বলে বিমান সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামী ১১ নভেম্বর থেকে এই ফ্লাইট শুরু হবে। প্রাথমিকভাবে সপ্তাহে চারদিন ঢাকা থেকে এবং দুই দিন বন্দর নগরী চট্টগ্রাম থেকে মাস্কট রুটে ফ্লাইট পরিচালিত হবে।
সপ্তাহে দুটি ফ্লাইট ঢাকা থেকে রবি ও শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিটে এবং দুটি ফ্লাইট মঙ্গল ও বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটে মাস্কটের উদ্দেশ্যে ছেড়ে যাবে।এছাড়া সপ্তাহে দুটি ফ্লাইট চট্টগ্রাম থেকে মঙ্গল ও বৃহস্পতিবার রাত ১০টা ১৫ মিনিটে মাস্কটের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
অপরদিকে মাস্কট থেকে স্থানীয় সময় রাত ৩টায় সপ্তাহে দুই দিন বুধ ও শুক্রবার সরাসরি ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট ছাড়বে এবং সপ্তাহে দুই দিন সোম ও শনিবার মাস্কট থেকে রাত ৩টায় ছেড়ে সকাল ৯টা ৫০ মিনিটে চট্টগ্রামে এবং সকাল ১১টা ২০ মিনিটে ঢাকায় আসবে।
ঢাকা-মাস্কট রুটে ওয়ান ওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ২০ হাজার ৫৬৫ টাকা এবং রিটার্ন ভাড়া ৩৮ হাজার ৬০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রাম-মাস্কট রুটে ওয়ান ওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ২৩ হাজার ৬৮৫ টাকা এবং রিটার্ন ভাড়া ৪০ হাজার ৫৫১ টাকা নির্ধারণ করা হয়েছে। ভাড়ায় সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত থাকবে।
ঢাকা-মাস্কট-ঢাকা এবং চট্টগ্রাম-মাস্কট-চট্টগ্রাম রুটে ১৫৮ সিটের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটিতে আটটি বিজনেস ক্লাস, ১৫০টি প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি ক্লাসের আসন রয়েছে।
বিমান সংস্থাটি স্বল্প সময়ের মধ্যে কলকাতা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, গুয়াংজু ও দোহা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
