দুই গুণীকে সম্মাননা দিয়ে বাজারে এলো ‘ডিউ’
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মলয় কুমার গাঙ্গুলী ও বাউল শিল্পী আব্দুল কুদ্দুস বয়াতিকে সম্মাননা দিয়ে আনুষ্ঠানিকভাবে বাজারে এলো ডায়নামিক কনজিউমার অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পণ্য ‘ডিউ’।
শুক্রবার রাজধানীর ধানমণ্ডির একটি রেস্টুরেন্টে ‘প্রোডাক্ট লঞ্চিং সিরিমনি ও গ্র্যান্ড ওপেনিং’-এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি।
সম্মাননার জবাবে মলয় কুমার গাঙ্গুলী বলেন, শিল্প-সাহিত্যসহ সৃজনশীল কাজে জড়িতদের উৎসাহ দেওয়ার মতো মানুষ আমাদের এই সমাজে প্রচুর পরিমাণে থাকলেও এখানে অনেকেই আগ্রহ দেখা যায় না। কেন যেন একটা পিছুটান সবাইকে টেনে ধরে।
সেখানে পণ্যের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মাননা পেয়ে এই শিল্পী বলেন, “আমি চাই, এই পণ্য সারা দেশের মানুষের হৃদয় জয় করে আরো বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়ুক।”
সম্মাননার জবাবে কুদ্দুস বয়াতি ‘ডিউ’কে নিয়ে ‘ভুলবো না ডিউ আমরা জনগণ’ শিরোনামে একটি গান শোনান।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে ডায়নামিক কনজিউমার অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এন নাজমুল হাসান জানান, গত মে মাস থেকে উৎপাদনে রয়েছে এই কোম্পানি, অগাস্ট থেকে রয়েছে বাজারে। আর এখন আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।
তিনি বলেন, “ডিউ কাউকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করে না। ডিউ নিজস্ব স্বকীয়তা ও গুণগত মান বজায় রাখতে বদ্ধপরিকর। এটা কেবল একটা পণ্য নয়। এটি একটি সেবার নাম।”
পণ্যের গুণগত মান বজায় রেখে ভোক্তা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যেই ডিউ’র অবস্থান বলে জানান নাজমুল হাসান।
ডিউ’র সামাজিক দায়বদ্ধতার প্রসঙ্গে তিনি বলেন, সার্কভিত্তিক শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে প্রতিষ্ঠিত ’অল এবাউট দ্য চিলড্রেন’ সংগঠনকে পৃষ্ঠপোষকতা অব্যাহত রেখেছে ডিউ।
আগারগাঁও প্রবীণ নিবাসেও ডিউ প্রতিমাসে যায় বলে জানান প্রতিষ্ঠানটির এই ব্যবস্থাপনা পরিচালক।
বাংলা ভিশনের ম্যাংগলি নাচো বাংলাদেশ নাচো সিজন-৩ এর সেরা নাচিয়ে এসআই সফিক ও তার দলের উদ্বোধনী নাচের মাধ্যমে এই অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। অনুষ্ঠানে ডিউ’র লোগোর মোড়ক উন্মোচন করেন শিল্পী আবিদা সুলতানা। বিশেষ আকর্ষণ হিসাবে থাকে ফ্যাশন শো ও প্রোডাক্ট শো।
কোম্পানির ন্যাশনাল সেলস ম্যানেজার মো. হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমানে এই কোম্পানির বাজারে থাকা পণ্যগুলোর বল সাবান, লন্ড্রি সাবান, সুগন্ধা সাবান, স্পেশাল সাবান, বিউটি সোপ এবং হোয়াইট ও লেমন ডিটারজেন্ট মধ্যে রয়েছে।
ভবিষ্যতে কয়েলসহ আরো বিভিন্ন পণ্য বাজারে আনার পরিকল্পনায় রয়েছে বলে জানান তিনি।
