সেরা স্টার্ট-আপের খোঁজে শুরু হচ্ছে সিডস্টার্স ওয়ার্ল্ড
তথ্য-প্রযুক্তি খাতে সেরা স্টার্ট-আপের খোঁজে আগামী ১৯ অক্টোবর ঢাকায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে স্টার্ট-আপ প্রতিযোগিতা।
আইসিটি বিভাগ ও বেটার স্টোরিজের যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করছে সুইটজার ল্যান্ড ভিত্তিক স্টার্ট-আপ প্রতিষ্ঠান সিডস্টার্স।
আসছে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬ সম্মেলনে অনুষ্ঠিত হবে সিডস্টার্স ঢাকা পর্বের এই প্রতিযোগিতা। বিশ্বের ৬৫টি দেশে উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনে ১০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে এ প্রতিযোগিতার আয়োজন করেছে সিডস্টার্স।
বৃহস্পতিবার রাজধানীর জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্কে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ প্রতিযোগিতার বিভিন্ন বিষয় তুলে ধরেন তথ্য প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এ সময় আইসিটি বিভাগের সেক্রেটারি শ্যাম সুন্দর সিকদার, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, ওয়াইটবোর্ডের ব্যবস্থাপক ফয়সাল কবির, সিডস্টার্স ওয়ার্ল্ড-এর এশিয়া প্রতিনিধি নিক ফেনেক, বেটার স্টোরিজের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ আনোয়ার এবং সিডস্টার্স ওয়ার্ল্ড ঢাকার প্রোগ্রাম লিড শাহরিয়ার রহমান উপস্থিত ছিলেন।
সম্মেলনের শুরুতে গত বছরের ঢাকা পর্ব প্রতিযোগিতার উল্লেখযোগ্য বিষয় তুলে ধরেন নিক ফেনেক। এবারের প্রতিযোগিতা বিষয়ে বিভিন্ন বিষয় উপস্থাপন করেন তিনি।
জুনাইদ আহমেদ পলক বলেন, “কায়িক শ্রম থেকে বাংলাদেশ মেধানির্ভর তথ্যপ্রযুক্তি খাতের দিকে এগিয়ে যাচ্ছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তির যথাযথ ব্যবহারের জন্য প্রয়োজন উদ্ভাবনী ধারণা।”
পশ্চিমা স্টার্টআপ ও করপোরেশনগুলো বাংলাদেশের স্থানীয় অভাব ও প্রয়োজনের সঙ্গে পরিচিত না হওয়ার বিষয়টি ‘দুঃখজনক’ মন্তব্য করে উদ্ভাবনের ক্ষেত্রে নিজেদের শ্রেষ্ঠত্ব নিশ্চিত করলেই এ সমস্যার সমাধান হবে জানান তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী।
“উদ্ভাবনকে উৎসাহিত করতে স্থানীয় সমস্যার সমাধানে আমাদের স্টার্টআপগুলোকে আরও এগিয়ে আসতে হবে। বিকাশমান স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকে শীর্ষ ইকোসিস্টেম থেকে আরও শিখতে হবে। আর এ কারণেই আইসিটি বিভাগ সিডস্টার্স ওয়ার্ল্ড এর সঙ্গে সংযুক্ত হয়েছে।”
পলক বলেন, “বিশ্বের ৬৫টি দেশে এই প্রতিযোগিতার আয়োজন করায় এর এক্সপোজারও বেশি। এই সুযোগটিই আমরা কাজে লাগাতে চাই। আমরা তাদের কাছ থেকে কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে চাই। একই সঙ্গে বিশ্বকে জানিয়ে দিতে চাই ভবিষ্যত পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ প্রস্তুত রয়েছে।”
এ বছর থাইল্যান্ডে হতে যাওয়া সিডস্টার্স ওয়ার্ল্ড আঞ্চলিক সম্মেলনে একটি প্রতিনিধি দল পাঠানো হবে বলে জানান জুনায়েদ আহমদ পলক।
