২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একীভূত হওয়ার পর ‘পুঁজিবাজারে আসবে’ রবি

রবি-এয়ারটেল এক হওয়ার প্রক্রিয়া শেষ হলে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে রবিকে পুঁজিবাজারে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন আজিয়াটার গ্রুপের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) চ্যারি টিভিটি।

শামীম আহমেদ

মালয়েশিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2016, 05:26 PM

Updated : 20 Aug 2022, 01:54 PM

মালয়েশিয়ায় মঙ্গলবার শুরু হওয়া এক সম্মেলনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকের প্রশ্নের জবাবে তিনি এ পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, “আমরা আশা করছি, এ বছরের শেষ দিকে একীভূত হওয়ার প্রক্রিয়া শেষ হবে, তারপরই আইপিওতে শেয়ার ছাড়ার পরিকল্পনা রয়েছে।”

একীভূত হওয়ার পর এজন্য দুই থেকে তিন বছর সময় লাগতে পারে বলে জানান এই আজিয়াটা কর্মকর্তা।

গতবছর একীভূতকরণের প্রস্তাবে দেওয়া তথ‌্য অনুযায়ী, রবির পরিশোধিত মূলধন তিন হাজার ৫৩৫ কোটি টাকা। আর এয়ারটেলের ৪ হাজার ৫৯৮ কোটি টাকা।

বাংলাদেশের মোবাইল অপারেটরদের মধ্যে পুঁজিবাজারে রয়েছে শুধু গ্রামীণফোন। তাদের ১০ শতাংশ শেয়ারই বাংলাদেশের পুঁজিবাজারে সবচেয়ে বড় লগ্নি। গ্রামীণফোনের হাতে রয়েছে সাড়ে পাঁচ কোটির বেশি গ্রাহক, যা দেশের মোট গ্রাহকের অর্ধেকের বেশি।

রবি ও এয়ারটেলের ব্যবসা এক হওয়ার পর একীভূত কোম্পানি রবি নামেই চলবে। তখন রবির গ্রাহক সংখ্যা দাঁড়াবে তিন কোটি ৬০ লাখের বেশি, যা বাংলাদেশের মোট মোবাইল ফোন গ্রাহকের ৩০ শতাংশের কম।

তাদের একীভূত হওয়ার প্রস্তাব ইতোমধ‌্যে হাই কোর্টের অনুমোদন পেয়েছে। এখন আর কোনো জটিলতা না থাকলে বিটিআরসি এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেবে।

রবির মালিকানা মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপের। অন্যদিকে এয়ারটেলের মালিক ভারতের ভারতি এয়ারটেল; তারা ওয়ারিদের ব্যবসা বাংলাদেশে কিনে নিয়েছিল।

আজিয়াটার আমন্ত্রণে কুয়ালালামপুরের একটি হোটেলে ‘রিজিওনাল মিডিয়া সামিট’ শিরোনামে তাদের তিন দিনের এই সম্মেলনে মালয়েশিয়াসহ ছয়টি দেশের আমন্ত্রিত সাংবাদিকরা অংশ নিচ্ছেন।

চ্যারি টিভিটির কাছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্ন ছিল, ২০১২ সাল থেকে মুনাফায় থাকা রবি কবে নাগাদ শেয়ার বাজারে আসবে।

জবাবে তিনি বলেন, “আইপিওতে আসার জন্য নিয়ন্ত্রক সংস্থার চাপ রয়েছে। তারা আমাদের বারবার বলছে। আমরাও আশা করছি রবি-এয়ারটেল একীভূত হলে আমরা প্রাথমিক গণ প্রস্তাব বা আইপিওতে যেতে পারব।”

২০১৬ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর থেকে ডিসেম্বর) এই একীভূতকরণ প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে বলে আশা করেছেন আজিয়াটা কর্মকর্তারা।

চলতি বছরে প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে রবির রাজস্ব বেড়েছে ৫ দশমিক ১ শতাংশ, যা টাকার অংকে ১ হাজার ২৪০ কোটি টাকা। কার্যক্রম শুরুর পর থেকে রবির মোট মূলধনী ব্যয়-ভিত্তিক বিনিয়োগের পরিমাণ ১৭ হাজার ২৩০ কোটি টাকা।

১৯৯৭ সালে কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত রবি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে ১৬ হাজার ৬৮০ কোটি টাকা। একই সময়ে শেয়ার হোল্ডারদের লভ্যাংশ হিসেবে দিয়েছে ২৯০ কোটি টাকা।

এশিয়ার বড় টেলিকমিউনিকেশন্স কোম্পানিগুলোর মধ্যে আজিয়াটা অন্যতম। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশের পাশাপাশি কম্বোডিয়া, ভারত ও সিঙ্গাপুরেও তাদের ব্যবসা রয়েছে।