আইসিএসবি কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ সানাউল্লাহ
ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ সানাউল্লাহ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ইনস্টিটিউটের (আইসিএসবি) তৃতীয় কাউন্সিল সভায় মোহাম্মদ সানাউল্লাহকে ২০১৬-২০১৯ মেয়াদের জন্য এই দায়িত্ব দেওয়া হয়।
ইনস্টিটিউটের ফেলো সদস্য সানাউল্লাহ এর আগে ২০১০-২০১৩ মেয়াদেও প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। বাণিজ্য, কর্পোরেট ব্যবস্থাপনা ও সুশাসন নিয়ে তার ৩০ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সিমেন্স বাংলাদেশ লিমিটেডের সিএফও মোহাম্মদ বুল হাসান এবারের কাউন্সিলে ইনস্টিটিউটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। ভাইস প্রেসিডেন্ট হয়েছেন চার্টাড অ্যাকাউটিং ফার্ম আর্টিসানের সেলিম রেজা।
এছাড়া ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের কোম্পানি সচিব নাজমুল করিমকে ইন্সটিটিউটের কোষাধ্যক্ষ নির্বাচিত করেছেন কাউন্সিলের সদস্যরা।
ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ বাংলাদেশ সরকারের চার্টার্ড সেক্রেটারিজ আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয়ের অধিভুক্ত একটি সংস্থা। চার্টার্ড সেক্রেটারি পেশার উন্নয়নে এই সংস্থা চার্টার্ড সেক্রেটারিশিপ (সিএস) প্রফেশনাল কোর্সসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।
