হল্যান্ড থেকে তিনটি ড্রেজার কিনছে ফিকরান ড্রেজিং
শতকোটি টাকা ব্যয়ে হল্যান্ডের একটি প্রতিষ্ঠান থেকে তিনটি ড্রেজার কিনবে ফিকরান ড্রেজিং।
বুধবার চট্টগ্রাম ক্লাবে ড্রেজার ক্রয়ের জন্য হল্যান্ডের প্রতিষ্ঠান আইএইচসি ড্রেজারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে একটি চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ ও আরব আমিরাতের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান ফিকরান ড্রেজিং ইন্টারন্যাশনাল লিমিটেড।
চুক্তিতে স্বাক্ষর করেন ফিকরানের চেয়ারম্যান রাশেদ সাঈদ নাসিব আল মুর আল মানসুরী ও আইএইচসি ড্রেজার এর ভারত, শ্রীলংকা ও বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক কিস ডার্কস।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফিকরান ড্রেজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক সিরাজ উদ্দিন মো. আলমগীর, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, বর্তমান সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, একুশে টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান রফিকুল বাহার।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাশেদ সাঈদ নাসিব আল মুর আল মানসুরী বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণে সার্বিক সহযোগিতার জন্য সরকারকে ধন্যবাদ জানান।
হল্যান্ডের প্রতিষ্ঠানের মাধ্যমে কেনা ড্রেজারগুলো বাংলাদেশে বিভিন্ন নদী খননের কাজে ব্যবহার করা হবে বলে প্রতিষ্ঠানটির এদেশীয় কর্মকর্তারা জানিয়েছেন।
