টেলিটকের থ্রিজি কর্পোরেট সিম পাচ্ছে যানবাহন অধিদপ্তর
রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের থ্রিজি কর্পোরেট সিম পাচ্ছেন সরকারি যানবাহন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ চালক ও টেকনিশিয়ারা।
বুধবার যানবাহন অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে টেলিটকের সঙ্গে সরকারি যানবাহন অধিদপ্তরের এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এ চুক্তির আওতায় যানবাহন অধিদপ্তরের প্রায় এক হাজার ৮০০ কর্মী টেলিটকের থ্রিজি সিমের করপোরেট সুবিধার আওতায় আসবেন বলে অনুষ্ঠানে জানানো হয়।
টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গিয়াস উদ্দিন আহমেদ এবং সরকারি যানবাহন অধিদপ্তরের কমিশনার মুনশী শাহাবুদ্দীন আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন।
কমিশনার শাহাবুদ্দীন আহমেদ বলেন, “কর্পোরেট সিমের মাধ্যমে অধিদপ্তরের চালক ও টেকনিশিয়ানদের আর্থিক সাশ্রয় এবং যোগাযোগ সহজ হবে বলে আশা করি।”
সরকারের সব পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদেরকে টেলিটকের করপোরেট সেবার আওতায় নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়ে টেলিটক ব্যবস্থাপনা পরিচালক বলেন, টেলিটকের নেটওয়ার্ক আরও শক্তিশালী এবং ইউনিয়ন পর্যায়ে থ্রিজি সেবা নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় টেলিটকের মহাব্যবস্থাপক (মার্কেটিং অ্যান্ড ভ্যাস) হাবিবুর রহমান, সরকারি যানবাহন অধিদপ্তরের পরিচালক ছাদেক মো. আতহার, পরিচালক শফিকুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র হিসাবে জুলাই শেষ নাগাদ টেলিটকের গ্রাহক প্রায় ৪৫ লাখ। গত মার্চে ‘স্বপ্ন হাসিমুখের’ স্লোগান নিয়ে নতুন যাত্রা শুরু করে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক।
