ইলিশের স্বাদ চায় থাইল্যান্ড
বাঙালি জনপ্রিয় ইলিশ মাছ বাংলাদেশ থেকে আমদানির আগ্রহ প্রকাশ করেছে প্রতিবেশী দেশ থাইল্যান্ড।
ঢাকায় থাইল্যান্ডের রাষ্ট্রদূত পানপিমন সুয়ান্নাপংসে বুধবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের সঙ্গে দেখা করে এই আগ্রহ ব্যক্ত করেন।
এ সময় মন্ত্রী সম্ভাব্যতা যাচাই করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে ইলিশ রপ্তানিতে সম্মতি প্রকাশ করেছেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে ইলিশ রপ্তানি সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও গত বছরের ১২ অগাস্ট সরকার তিন বছর মেয়াদি যে রপ্তানি উন্নয়ন নীতি প্রণয়ন করেছে, তাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ইলিশ মাছ রপ্তানির সুযোগ আছে।
বাংলাদেশের ইলিশের বেশ চাহিদা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। এছাড়া ইউরোপ ও আমেরিকার যেখানে বাঙালিরা রয়েছেন, সেসব দেশেও ইলিশের চাহিদা রয়েছে।
এবার রেকর্ড পরিমাণ ইলিশ উৎপাদনসহ মৎস্য খাতের সার্বিক অবস্থা মন্ত্রী থাই রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, থাইল্যান্ডের রাষ্ট্রদূত মৎস্যমন্ত্রীকে থাইল্যান্ড সফরের আমন্ত্রণ জানিয়ে ওই দেশের মৎস্য ও প্রাণিসম্পদখাত পরিদর্শনের অনুরোধ জানান।
