২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএটিআরসি নতুন চেয়ারম্যান বিটিআরসি প্রধান

সাউথ এশিয়ান টেলিকমিউনিকেশন্স রেগুলেটস্ কাউন্সিল (এসএটিআরসি) এর নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেলেন বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির প্রধান শাহজাহান মাহমুদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2016, 07:10 PM

Updated : 11 Oct 2022, 08:49 PM

মঙ্গলবার ঢাকার একটি হোটেলে ১৭তম এসএটিআরসি সভার প্ল্যানারি সেশনে এ ঘোষণা দেওয়া হয়।

এসএটিআরসির চেয়ারম্যান ভারতের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার প্রধান আর এস শর্মা নতুন চেয়ারম্যান শাহজাহান মাহমুদের নাম ঘোষণা করেন।

এসএটিআরসি সভার আয়োজক বাংলাদেশ এবং নিয়ম অনুযায়ী যে দেশে এই কাউন্সিল মিটিং হয় সে দেশের নিয়ন্ত্রক সংস্থা প্রধান এর চেয়ারম্যান মনোনীত হন। আগামী এক বছর মেয়াদে বাংলাদেশের নিয়ন্ত্রক সংস্থা প্রধান এর চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন।

দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাগুলোর এ সম্মেলন মঙ্গলবার থেকে শুরু হয়ে তিন দিন চলবে।

ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপ ও ইরানসহ দক্ষিণ এশিয়ার আট দেশের টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক নিয়ন্ত্রক সংস্থার প্রধান, টেলিকম অপারেটর, উদ্যোক্তা, টেলিকম ও তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের প্রায় ১০০ জন প্রতিনিধি এ সম্মেলনে অংশ নিচ্ছেন।

আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা আইটিইউ এবং এশিয়া প্যাসিফিক টেলিকমিউনিটির উদ্যেগে ১৯৯৭ সালে এসএটিআরসি গঠিত হয়। এই সংস্থা বেতার তরঙ্গ সমন্বয়, নিয়ন্ত্রণ প্রবণতা, টেলিযোগাযোগ উন্নয়নে কৌশল এবং টেলিযোগাযোগ সংক্রান্ত আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কর্মকৌশল নির্ধারণ করে থাকে।

সদস্য দেশগুলোর স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রতিবছর এ কাউন্সিল হয়। বাংলাদেশে এর আগেও তিন বার এ সম্মেলন বসেছে।