২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার সম্মেলন শুরু মঙ্গলবার

টেলিযোগযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিভিন্ন নীতিমালা, প্রবিধান, নিয়ন্ত্রণ কাঠামোসহ কর্মকৌশল নিয়ে পারস্পারিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2016, 11:39 PM

Updated : 20 Aug 2022, 01:49 PM

সোমবার টেলিযোযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান শাহজাহান মাহমুদ এই সম্মেলন আয়োজনের বিস্তারিত জানান।

তিনি বলেন, “১৭তম সাউথ এশিয়ান টেলিকমিউনিকেশন রেগুলেটরস কাউন্সিল (এসএটিআরসি) সভার আয়োজক বাংলাদেশ এবং যে দেশে এই কাউন্সিল মিটিং হয় সে দেশের নিয়ন্ত্রক সংস্থা প্রধান এর চেয়ারম্যান হয়। আগামী এক বছর মেয়াদে বাংলাদেশের নিয়ন্ত্রক সংস্থা প্রধান এর চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন।”

এই সভায় পাকিস্তানসহ ভারত, নেপাল, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপ ও ইরানসহ দক্ষিণ এশিয়ার ৯টি দেশের টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা প্রধান, টেলিকম অপারেটর, উদ্যোক্তা, টেলিকম ও তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট বিশেষজ্ঞের প্রায় ১০০ জন প্রতিনিধি অংশ গ্রহণ করবে বলে জানান চেয়ারম্যান।

বাংলাদেশসহ ৪টি দেশ পাকিস্তানে আগামী সার্ক সম্মেলনে যোগ না দেওয়ার কথা জানানোর পর তা স্থগিত হয়ে যায়।

এ পরিস্থিতির মধ্যে পাকিস্তানের টেলিযোগযোগ নিয়ন্ত্রক সংস্থা প্রধান সম্মেলনে উপস্থিত নিশ্চিত করেছেন বলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান বিটিআরসি চেয়ারম্যান।

বিটিআরসি প্রধান বলেন, “সার্ক সম্মেলন বোধহয় এবার হবে না, সেই পরিপ্রেক্ষিতে সার্কের মতই এই ভূমিকায় আমরা একটা সম্মেলন করতে পারছি এটা কিন্তু আমাদের একটা কৃতিত্ব। নয়টি দেশের মধ্যে একমাত্র শ্রীলংকা ছাড়া প্রতিটি দেশের প্রতিনিধি, পাকিস্তানের রেগুলেটরির প্রধান আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করেছে।”

সম্মেলনে মোট ১১টি সেশন অনুষ্ঠিত হবে জানিয়ে বিটিআরসি মহাপরিচালক (ইএন্ডও) ব্রিগেডিয়ার জেনারেল মো: এমদাদ উল বারী বলেন, সেশনগুলোতে সার্ক দেশগুলোর নিয়ন্ত্রক সংস্থাগুলো মধ্যে পারস্পারিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় করবে।

“এছাড়া ব্রডব্যান্ড নেটওয়ার্ক, গুণগত মান, ডিজিটাল অন্তভূক্তি, তরঙ্গ নিয়ন্ত্রণ, ইন্টারনেট অব থিংকস্, পঞ্চম প্রজণ্মের মোবাইল সেবাসহ বাংলাদেশের বায়োমেট্রিক নিবন্ধন সফলতা নিয়েও সেশন আযোজন করা হয়েছে।”

সম্মেলনে সার্ক দেশগুলোর মধ্যে রোমিং কলরেট হ্রাসের বিষয়েও আলোচনা হবে বলে জানিয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, “বর্তমানে জঙ্গি, ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল), বিভিন্ন ধরনের ওটিটি যেমন ভাইবার, হোটসঅ্যাপ বিভিন্ন ইস্যু তথ্যপ্রযুক্তিখাতে এই অঞ্চলে প্রভাবিত করেছে তা নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন এবং কীভাবে বের করা যায়; আশা করছি সম্মেলনে এই ইস্যুগুলো আসবে এবং অ্যাকশন প্ল্যানের মধ্যে ঢোকাতে পারব।’

হোটলে ল মেরিডিয়ানে এ সম্মেলনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে বিটিআরসি মহাপরিচালক (এসএম) কর্নেল মো: নাসিম পারভেজ জানান, সম্মেলন ঘিরে কাভার এবং ওভার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। 

এ সময় বিটিআরসি ভা্ইস চেয়াম্যান আহসান হাবিব খানসহ অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন।

সম্মেলন উদ্বোধন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম।

আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা আইটিইউ এবং এশিয়া প্যাসিফিক টেলিকমিউনিটি’র উদ্যেগে ১৯৯৭ সালে এসএটিআরসি নামে ফোরাম গঠিত হয়। এই সংস্থা বেতার তরঙ্গ সমন্বয়, নিয়ন্ত্রক প্রবণতা, টেলিযোগাযোগ উন্নয়নে কৌশল এবং টেলিযোগাযোগ সংক্রান্ত আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কর্মকৌশল নির্ধারণ করে থাকে।

সদস্য দেশগুলোর স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে প্রতিবছর এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এর আগে বাংলাদেশের তিন বার এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গত বছর অগাস্টে ভারতে এসএটিআরসি ১৬তম সম্মেলন অনুঠিত হয়।