২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ওয়াসফিয়া নাজরীন

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয়ী ওয়াসফিয়া নাজরীন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2016, 10:46 PM

Updated : 20 Aug 2022, 01:49 PM

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজের লক্ষ্যে সম্প্রতি ওয়াসফিয়ার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে বলে সোমবার মোবাইল ফোন অপারেটরটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে সাতটি মহাদেশের সেভেন সামিট তথা সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয়ী ওয়াসফিয়া গ্রামীণফোনের সাথে সামাজিক ক্ষমতায়নে কাজ করবেন।

২০১১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৪০তম বার্ষিকী উদযাপন এবং এই সময়ে সকল ক্ষেত্রে নারীর অগ্রযাত্রাকে সম্মান জানাতে ওয়াসফিয়া তার মহাকাব্যিক অভিযাত্রা শুরু করেন।

২০১৫তে তিনি প্রথম ও একমাত্র বাঙালি হিসেবে সেভেন সামিট জয়ের দুর্লভ রেকর্ড করেন এবং বিশ্বের দরবারে বাংলাদেশকে পরিচিত করে তোলেন। 

গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে ওয়াসফিয়া বলেন, “গ্রামীণফোনের মতো বিশ্বস্ত একটি ব্র্যান্ডের সাথে যুক্ত হতে পেরে আমার ভালো লাগছে। আমার যেমন একটি লক্ষ্য রয়েছে। তেমনি ব্র্যান্ড হিসেবে গ্রামীণফোনেরও লক্ষ্য রয়েছে উৎকর্ষে পৌঁছানোর।”

ন্যাশনাল জিওগ্রাফিকের ইতিহাসে প্রথম নারী হিসেবে একইসঙ্গে অভিযাত্রী ও এক্সপ্লোরার খেতাবধারী ওয়াসফিয়া গ্রামীণফোনকে সাথে নিয়ে তার সাফল্য যাত্রা অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেছে অপারেটরটি।