২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ কাউন্সিলের গ্রাহক সেবা সপ্তাহ শুরু

গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে চার দিনব্যাপী গ্রাহক সেবা সপ্তাহ শুরু করেছে ব্রিটিশ কাউন্সিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2016, 09:42 PM

Updated : 20 Aug 2022, 01:49 PM

সোমবার দুপুরে রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল কার্যালয়ে ‘ইউ স্পিক, উই লিসেন’ শ্লোগান নিয়ে শুরু এই গ্রাহক সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। 

এসময় উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর জিম স্কার্থ এবং এক্সামিনেশনস ডিরেক্টর দীপ অধিকারী।

সরকারি বিভিন্ন সংস্থাসহ অর্থনৈতিক, স্বাস্থ্যসেবা, বিমা, নির্মাতা, রিটেইলিং, হসপিটালিটি, যোগাযোগ, নন-প্রফিট এবং শিক্ষা-প্রতিষ্ঠানের অংশগ্রহণে এবারের গ্রাহক সেবা সপ্তাহ চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত।

মানসম্মত গ্রাহক সেবা নিশ্চিত করতেই সব ধরনের প্রতিষ্ঠানের মিলিত এই অংশগ্রহণ বলে জানান ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের গ্রাহক সেবা বিভাগের প্রধান জুনায়েদ আহমেদ।

তিনি বলেন, “আমাদের সবগুলো সেবার মধ্যে গ্রাহক সেবা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেবা। বিশ্বব্যাপী ব্রিটিশ কাউন্সিলের সফলতার একটাই কারণ, আর তা হলো সক্ষম ও পেশাদার কর্মীদের মাধ্যমে উন্নত গ্রাহক সেবা।

 “গ্রাহকদের গুরুত্ব দেওয়া এবং আমাদের গ্রাহক সেবা প্রদানকারীদের কঠোর পরিশ্রমের মূল্যায়ন করার জন্যই আমরা গ্রাহক সেবা সপ্তাহ পালন করে থাকি।”

সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে ব্রিটিশ কাউন্সিল গ্রাহকদের বিভিন্ন রকম প্রয়োজন মেটাতে স্বয়ংসম্পূর্ণ বলে দাবি গ্রাহক সেবা বিভাগের এই কর্মকর্তার।

এ বছর গ্রাহক সেবা সপ্তাহটি গ্রাহকদের জন্য ব্রিটিশ কাউন্সিলের অফিসিয়াল ফেইসবুক পেইজে লাইভ স্ট্রিমিং করা হচ্ছে।

আইইএলটিএস পরীক্ষার রাইটিং বা লিখিত অংশে কয়েকটি সাধারণ ভুল ৩ অক্টোবর দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত লাইভ স্ট্রিমিং সেশনে দেখানো হয়। এ সংক্রান্ত সেশনটি আগামী  মঙ্গলবার স্ট্রিমিং অ্যান্ড লিভিং, ইউকে থেকে কভার করা হবে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।

এছাড়া আইইএলটিএস কনসালটেশন প্রোগ্রাম (আইসিপি) সেশন দেখানো হবে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত।

আইইএলটিএস পরীক্ষার স্পিকিং অংশের কয়েকটি সাধারণ ভুল, যা অনেকেই করে থাকে- সেগুলো আগামী বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের মধ্যে ফেইসবুক লাইভ ফিডে সম্প্রচার করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।