বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্পর্ক নিয়ে এফবিসিসিআই সভাপতির সন্তুষ্ঠি
বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ এবং ভারতের বাণিজ্যিক সম্পর্ক বেশ ভাল অবস্থানে রয়েছে বলে মনে করছেন দ্য ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি আব্দুল মাতলুব আহমাদ।
সোমবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে এফবিসিসিআই ও ইন্ডিয়া ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (আইইইএমএ) প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আগামী ১৮ নভেম্বরে ভারতের কলকাতার মিলান মেলা গার্ডেনে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্যের রোড শো উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
“এক্ষেত্রে ইলেকট্রনিক্স খাতের উদ্যোক্তাদের আরও বেশি এবং কোয়ালিটি সম্পন্ন ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট তৈরি করতে হবে। এ বিষয়ে আমরা ভারতের সহয়তা নিতে পারি। ভারত এই সেক্টরে অনেক এগিয়ে গেছে।”
কলকাতায় হতে যাওয়া রোড শোতে বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণ সম্পর্কে এফবিসিসিআই সভাপতি বলেন, “আমরা সেখানকার পণ্য না কিনলেও এই রোড শোতে আমাদের অংশগ্রহণ করা উচিত।
“কেননা, সেখানে অনুষ্ঠিত সেমিনারে অংশগ্রহণ করে আমরা জানতে পারবো- বিশ্ব কোথায় যাচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে আমাদের বর্তমান অবস্থান কোথায় রয়েছে।”
সভায় আইইএমএ ইনসুলেটর ডিভিশনের চেয়ারম্যান এ কে ঘোষ বলেন, কলকাতার মিলান মেলা গার্ডেনে পাওয়ার সেক্টরের যাবতীয় বিষয় নিয়ে এটি একটি বড় ধরনের আয়োজন। এখানে বাংলাদেশি পাওয়ার সেক্টরের উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ রয়েছে। যেখানে বাংলাদেশি ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারবে।
আলোচনা সভায় এফবিসিসিআই ও ইন্ডিয়া ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (আইইইএমএ) অন্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
