বাণিজ্যমন্ত্রী ইতালিতে
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কৃষিপণ্যের বাজার ও দাম বিষয়ক মন্ত্রী পর্যায়ের চতুর্থ সভায় যোগ দিতে ইতালির উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রোববার সকাল সোয়া ১০টায় তিনি রওনা হন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ইতালির রোমে ৩ অক্টোবর এই সভা হওয়ার কথা রয়েছে।
ফাও’র মহাপরিচালক জোসে গ্রাজিয়ানো দা সিলভার আমন্ত্রণে মন্ত্রী এই সভায় গেছেন। এবারের সভার মূল প্রতিপাদ্য- ‘লং-টার্ম কমোডিটি প্রাইস ট্রেন্ডস এন্ড সাসটেইনেবল এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট’।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনের চাহিদা পূরণ করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে এই সভায় আলোচনা হবে।
আগামী ৭ অক্টোবর মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
