২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলো ওয়ালটন ল্যাপটপ

বাজারে এসেছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের ল্যাপটপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2016, 10:24 PM

Updated : 11 Oct 2022, 08:44 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় হোটেল ওয়েস্টিনে ল্যাপটপ বাজারজাতকরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ অতিথিরা।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, “প্রথম যখন আমরা কম্পিউটার আমদানি করি, তখন তিন লাখ টাকার মতো লাগতো। কিন্তু আশার বিষয় হচ্ছে, আমাদের দেশে কম্পিউটারের যাত্রা দেরিতে শুরু হলেও এক্ষেত্রে দ্রুত এই যাত্রায় আমরা এগিয়েছি। এখন ২৯ হাজার টাকায় দেশীয় ল্যাপটপ হাতে আসছে।”

বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে গেলেও ‍(তথ্যপ্রযুক্তি) আইসিটি খাতের মতো এতো অগ্রগতি আগে কোনো ক্ষেত্রে হয়নি বলে মন্তব্য করেন মুহিত।

তিনি বলেন, “সারা পৃথিবীতে কম্পিউটার গেছে ৪০ শতাংশ মানুষের হাতে। আমাদের দেশে সেটার পরিমাণ অনেক বেশি, ৭০-৮০ শতাংশের কাছে পৌঁছেছে।

“এটাই প্রমাণ করে, যতই দিন বাড়ছে সভ্যতার এক ধাপ থেকে পরবর্তী ধাপের দিকে আমরা যাচ্ছি। নতুন ধাপে গেলে মালভূমির উপরের দিকে চড়ার মতো কষ্টটা বেড়ে যায়, আমরা এখন সেই ধাপে আছি।”

২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটির প্রধান ছিলেন মুহিত, যে ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা ঘোষণা করেছিলেন দলের সভানেত্রী শেখ হাসিনা।

সে প্রসঙ্গ টেনে মুহিত বলেন, “ডিজিটাল বাংলাদেশ গড়ার দায়িত্ব তরুণদের হাতে তুলে দেওয়ার কথা তিনি বলেছিলেন। তারা সেটা এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সেটা দ্রুতগতিতেই এগিয়ে গিয়েছে।”

ওয়ালটনের ল্যাপটপ বাজারে আসায় নিজে বিস্মিত হওয়ার কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, “আমার জন্য অত্যন্ত খুশির দিন। কিছুটা বিস্মিতও। আমি মনে করছিলাম এটা আসবে ২০২১ সালে, এসে গেছে ২০১৬ সালে।”

বর্তমানে বছরে প্রায় ছয় লাখ ল্যাপটপ বাংলাদেশে আমদানি করা হয় বলে জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “আগামী পাঁচ থেকে সাত বছরে সেটা ১২ লাখে দাঁড়াবে।

“এই যে পাঁচ হাজার কোটি টাকার যে বাজার, সেটার ৫০ শতাংশও যদি আমরা আমাদের দেশি ব্র্যান্ডের কাছে নিয়ে আসতে পারি- তাহলে আমাদের দুই থেকে তিন হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।”

প্রতিমন্ত্রী বলেন, “প্রযুক্তিখাতে ২০১৮ সালের মধ্যে এক বিলিয়ন ডলারের হার্ডওয়ার ও সফটওয়্যার রপ্তানির লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। যেটা ২০২১ সালের মধ্যে পাঁচ বিলিয়ন ডলার করতে চাই আমরা।”

রপ্তানির ক্ষেত্রেও ওয়ালটনের এই ল্যাপটপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পলক বলেন, “রেফ্রিজারেটরের ক্ষেত্রে ‍দাম ও গুণগত মান বজায় রেখে ওয়ালটন যেভাবে বাংলাদেশের ৭০ শতাংশ বাজার দখল করেছে, সেভাবে ল্যাপটপের মান বজায় রেখেও এই বাজারের উল্লেখ্যযোগ্য অংশ তারা দখল করবে বলে প্রত্যাশা করছি।”

আইসিটি ডিভিশনের ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ’ কর্মসূচি, সারা দেশে শেখ রাসেল কম্পিউটার ল্যাবের জন্য ওয়ালটন ল্যাপটপ নিতে সরকার অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করবে বলে জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানের ওয়ালটনের পরিচালক এসএম রেজাউল আলম বলেন, যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের শীর্ষ আইসিটি ব্র্যান্ড ইনটেল, মাইক্রোসফট এবং বাংলাদেশের বিজয় বাংলার সহযোগিতায় ওয়ালটনের ল্যাপটপ বাজারে আসছে।

২০টি মডেলের ল্যাপটপের দাম ২৯ হাজার ৫০০ থেকে শুরু করে ৯৫ হাজার ৫০০ পর্যন্ত রয়েছে বলে জানান তিনি।

স্টুডেন্টদের ল্যাপটপে ৫ শতাংশ ছাড় দেওয়ার কথা জানান ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এসএম শামসুল আলম। এছাড়া দুই থেকে তিন বছরের সহজ কিস্তিতে বাংলাদেশে প্রথমবারের মতো ল্যাপটপ বিক্রি শুরু করার কথা জানান তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বেসিস সভাপতি মোস্তফা জাব্বার, ইনটেল কর্পোরেশনের কান্ট্রি ডিরেক্টর জিয়া মঞ্জুর, মাইক্রোসফটের সাউথ এশিয়া প্রতিনিধি পুবুদো বাসনায়েকে, ওয়ালটনের আইটি বিভাগের অতিরিক্ত পরিচালক লিয়াকত আলী।