চট্টগ্রামে শিক্ষার্থীদের জন্য রবির ইন্টারনেট বিষয়ক কর্মশালা
ইন্টারনেটের কার্যকর ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে সম্প্রতি চট্টগ্রামে ক্যামব্রিয়ান কলেজে ‘ইন্টারনেট ফর ইউ’ শীর্ষক কর্মশালার আয়োজন করে মোবাইল ফোন অপারেটর রবি।
অপারেটরটি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় আয়োজিত তিনটি অধিবেশনে তিন শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন।
রবি জানায়, নিরাপদ ও কার্যকর ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি অনলাইনে দায়িত্বশীল আচরণের ব্যাপারেও জোর দেয়া হয় কর্মশালায়।
লেখাপড়ায় ‘টেন মিনিট স্কুলের’ মতো অনলাইন এডুকেশন প্লাটফর্মগুলো কীভাবে সহায়ক হতে পারে সে সম্পর্কেও ধারণা দেওয়া হয় শিক্ষার্থীদের।
ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে তরুণরা অনেক বড় একটি অংশ। কিন্তু তারা আত্ম উন্নয়ন ও জ্ঞানার্জনের জন্য সঠিকভাবে ইন্টারনেট ব্যবহার করছে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। সে সীমাবদ্ধতা কাটিয়ে উঠতেই ‘ইন্টারনেট ফর ইউ’ পদক্ষেপ নিয়েছে রবি।
এর আগে বরিশালের অমৃত লাল দে কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, সাউথ-ইস্ট ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইউসেপ বাংলাদেশ এবং রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট ও বরিশালের বিভাগীয় গণগ্রন্থাগারে স্থাপিত রবি’র ইন্টারনেট কর্নারগুলোতেও এ কর্মশালা হয়েছে।
