২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিনর ইয়ুথ ফোরাম: রাফসান ও রামিম যাচ্ছেন অসলো

টেলিনর ইয়ুথ ফোরামের চূড়ান্ত পর্ব নরওয়ের অনুষ্ঠানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র শিক্ষার্থী রাফসান শাবাব খান ও রামিম আহমেদ নির্বাচিত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2016, 11:08 PM

Updated : 20 Aug 2022, 01:42 PM

বুধবার ঢাকার র‌্যাডিসন হোটলে একটি অনুষ্ঠানে তাদের নাম ঘোষণা করা হয়।

নোবেল পিস সেন্টারের সহযোগিতায় আয়োজিত ইয়ুথ ফোরাম ১৩টি দেশের ১৮ থেকে ২৮ বছরের তরুণ-তরুণীদের জীবন বদলানো ‘ধারণা’ উপস্থাপনের সুযোগ দেয়।

এ বছর ফোরামের মূল প্রতিপাদ্য ‘শান্তির জন্য ডিজিটালইজেশন’। বাংলাদেশে এর চূড়ান্ত নির্বাচনী পর্ব অনুষ্ঠিত হয় ২১ সেপ্টেম্বর, যার আয়োজনে ছিল গ্রামীণফোন।

এবছরের বিজয়ী ‘ধারণাগুলো’ হলো তরুণদের অর্থপূর্ণ নেটওয়ার্ক গড়ে তুলতে উদ্যোগী ‘ওয়ান ইয়াং ওয়ার্ল্ড’ এবং দুস্থ ও সুবিধাবঞ্চিতদের জন্য ক্রাউড ফান্ডিং উদ্যোগ ‘উই আর ওয়ান’।

নির্বাচিত ৭ জন প্রতিযোগী গ্রামীণফোন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় শিক্ষক, দেশীয় উদ্যোক্তাদের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল এবং সরকারি কর্মকর্তা, সাংবাদিক, ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সামনে তাদের ‘ধারণা’ উপস্থাপন করেন।

এই সাত জনের মধ্যে থেকে দুইজনকে ডিসেম্বরে অসলোতে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বের জন্য নির্বাচন করা হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গ্রামীণফোনের ভারপ্রাপ্ত প্রধান কর্পোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা হোসাইন সাদাত অনুষ্ঠানে ছিলেন।

তরুণদের অনুপ্রাণিত করে এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তোলার জন্য গ্রামীণফোন ও টেলিনরকে ধন্যবাদ জানান মেয়র।

অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে গ্রামীণফোনের হেড অফ কমিউনিকেশনস নেহাল আহমেদ বলেন, “অল্প কয়েক বছরের মধ্যে টেলিনর ইয়ুথ ফোরাম তরুণদের জন্য একটি সম্মানজনক বৈশ্বিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে এবং ডিজিটাল প্রযুক্তির পূর্ণ সক্ষমতা প্রকাশে তাদের অনুপ্রাণিত করছে।”

এই দুই বিজয়ী বিশ্বের অন্যান্য স্থানের বিজয়ীদের সঙ্গে অসলোতে তিনদিনের সম্মেলনে মিলিত হবেন, যেখানে তারা মোবাইল ও ডিজিটাল প্রযুক্তির রূপান্তরের ক্ষমতাকে বোঝার এবং তাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। নোবেল শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ারও সুযোগ পাবেন তারা।

গ্রামীণফোন এবছরের জুলাই মাসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে টেলিনর ইয়ুথ ফোরামের সূচনা ঘোষণা করে শিক্ষার্থী এবং আগ্রহী প্রতিযোগীদের ধারণাপত্র জমা দিতে আহ্বান জানায়।