বঙ্গবন্ধু বিমানবন্দরের সমীক্ষায় জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষার জন্য জাপানি পরামর্শক প্রতিষ্ঠান নিপ্পন কোয়ি কোম্পানির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (ক্যাব)।
বুধবার সকালে ক্যাবের কনফারেন্স রুমে প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ চুক্তিতে সাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষরের পর ক্যাবের গণসংযোগ কর্মকর্তা একেএম রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমান বন্দর প্রকল্পের বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা কাজের জন্য এই চুক্তি সাক্ষর করা হয়।”
এদিকে ক্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ষাটের দশকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে ব্যবহারের জন্য নির্মাণ পরিকল্পনা গ্রহণ করা হয়।
এ বিমানবন্দরের একটি মাত্র রানওয়ে এবং বিমান বন্দরটির বছরে যাত্রী ধারণ ক্ষমতা আট মিলিয়ন। বিমান বন্দরটির চারদিকে আবাসিক এলাকা থাকায় এ বিমানবন্দরটি সম্প্রসারণ সম্ভব নয়।
২০২৮ সাল থেকে ২০৩৫ সালের মধ্যে এ বিমানবন্দরের ধারণ ক্ষমতার সবটুকুই ব্যবহার হয়ে যাবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এতে প্রাচ্য ও পাশ্চাত্যের সেতুবন্ধন হিসেবে বাংলাদেশের গুরুত্ব বিবেচনা করে একটি আধুনিক হাব বিমান বন্দর নির্মাণের পরিকল্পনা করে সরকার।
২০১০ সালের ৯ মার্চ জাতির পিতার নামে এই বিমানবন্দরের নাম রাখা হয় জানিয়ে এতে আরও বলা হয়, বিমান বন্দরটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ ১৮ মাসের মধ্যে শেষ করা হবে।
সরকার বর্তমানে দেশের বিভিন্ন বিমানবন্দরের অবকাঠামোগত উন্নয়নকাজ চালিয়ে যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, অবকাঠামো উন্নয়নের মধ্যে বর্তমানে এক হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের কাজ ‘পুরোদমে’ চলছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় প্রান্তিক ভবন নির্মাণের জন্য পরামর্শক নিয়োগের কাজ চলছে।
খুলনার বাগেরহাটে খান জাহান আলী বিমান বন্দর নির্মাণ কাজ হাতে নেওয়া হয়েছে। বর্তমানে এর জমি অধিগ্রহণ চলছে।
এছাড়াও চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে শক্তি বৃদ্ধির কাজ হাতে নেওয়া হয়েছে।
সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলা এবং বরিশাল বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
