বেনাপোলে ১৪০ টন কাঁচামরিচ ২ দিন আটকে রাখার অভিযোগ
শুল্ক আদায়ের জন্য আমদানি মূল্য নির্ধারণ নিয়ে দেরির কারণে ভারত থেকে আমদানি করা প্রায় ১৪০ মেট্রিক টন কাঁচা মরিচ বেনাপোল বন্দরে দুদিন আটকে থাকায় পচে ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
তাদের অভিযোগ, আমদানি মূল্য বাড়িয়ে শুল্কায়ন করার চেষ্টার কারণে এই ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা। অপরদিকে শুল্ককর্মকর্তারা বলছেন, পণ্যের প্রকৃত আমদানি মূল্য যাচাই করতে গিয়ে দেরি হয়েছে।
স্থানীয় পাঁচ আমদানিকারক আশিক এন্টারপ্রাইজ, হাফিজ এন্টারপ্রাইজ, জয়সাল এন্টারপ্রাইজ, আরজি এন্টারপ্রাইজ ও মা ট্রেডিং রোববার সকালে ১০টি ট্রাকে করে ভারত থেকে প্রায় ১৪০ মেট্রিক টন কাঁচা মরিচ বন্দরে আনে।
পণ্যের মূল্যায়ন নিয়ে শুল্ক কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের ঐকমত্য না হওয়া সোমবার বিকালের আগে সেগুলো ছাড়া পায়নি।
রূপালী এন্টারপ্রাইজের মালিক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাঁচামরিচ আমদানির নিষেধাজ্ঞা না থাকলেও শুল্ক ভবনের যুগ্ম কমিশনার পদমর্যদার এক কর্মকর্তা ওই আমদানি পণ্যের চালান প্রথমে ঢুকাতে বাধা দেন। পরে আবার অনুমতি দিলে পণ্যচালানটি বেনাপোল বন্দরে ঢোকে।
“গত সপ্তাহেও কাঁচামরিচ প্রতি কেজির আমদানি মূল্য ৩৫ সেন্ট হিসেবে শুল্কায়ন করা হয়। কিন্তু শুল্ক কর্তৃপক্ষ হঠাৎ করে জানান প্রতি কেজি ৭০ সেন্ট মূল্যে শুল্কায়ন করতে হবে- এতেই বাধে বিপত্তি। পরে অবশ্য প্রতি কেজির আমদানি মূল্য ৪০ সেন্ট ধরে শুল্কায়ন করার পরে মালামাল খালাস দেওয়া হয়েছে।”
আরেক আমদানিকারকের প্রতিনিধি বেনাপোল বন্দরের সিঅ্যান্ডএফ ব্যবসায়ী উজ্জ্বল হোসেন বলেন, “কাঁচামরিচের বাজারমূল্য যাচাইয়ের অজুহাতে শুল্ক কর্তকর্তারা রোববার পণ্য খালাস দেননি।সোমবার দুপুর ১টা পর্যন্তও কোনো সিদ্ধান্ত তারা জানাতে পারেনি।
বেনাপোল শুল্কভবনের সহকারী রাজস্ব কর্মকর্তা গৌরাঙ্গ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পণ্যের বাজার মূল্য যাচাইয়ে এই বিলম্ব হয়েছে। প্রতি কেজির আমদানি মূল্য ৪০ সেন্ট ধরে শুল্কায়ন করার পরে মালামাল খালাস দেওয়া হয়েছে।”
সাতক্ষীরার আমদানিকারক আরজি এন্টারপ্রাইজের প্রতিনিধি নজরুল ইসলাম বলেন, সোমবার তাদের দুই ট্রাক কাচামরিচ বন্দরে আসার পর মঙ্গলবার তা খালাস করা হয়েছে।
তবে আটকে রাখার অভিযোগ অস্বীকার করে বেনাপোল শুল্কভবনের কমিশনার শওকাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১০ ট্রাক কাঁচা মরিচের চালান সন্ধ্যার পর বন্দরে প্রবেশ করেছে। অফিস টাইমের পরে জনবল না থাকায় শুল্কায়নসহ ছাড়পত্র দেওয়ার জন্য প্রয়োজনীয় সব কাজ শেষ করতে যা সময় লেগেছে, তাই। এখানে বাড়তি সময় নেওয়া হয়নি।
“প্রতি কেজির আমদানি মূল্য ৪০ সেন্ট ধরে শুল্কায়ন হয়েছে। শুল্কায়ন বাড়ানো-কমানোর ক্ষেত্রে কমিশনারের বিশেষ ক্ষমতা আছে।”
ঈদের পর চলতি সপ্তাহের শুরুতে খুচরা বাজারে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২৫০ থেকে ২৮০ টাকা কেজি দরে। সোমবার ঢাকার একাধিক কাঁচাবাজারে প্রতি কেজি কাঁচা মরিচ খুচরা পর্যায়ে ১৪০ টাকা থেকে ১৮০ টাকা দরে বিক্রি করতে দেখা যায়।
