শিগগিরই লবণের দাম স্বাভাবিক হবে: বাণিজ্যমন্ত্রী
আমদানির অনুমোদন পাওয়া এক লাখ টন লবণ দেশে এসে পৌঁছলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দাম স্বাভাবিক হয়ে যাবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “শিল্পমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে আগে আমরা দেড় লাখ টন লবণ আমদানি অনুমোদন দিয়েছি। লবণ আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের আগে থেকেই প্রচেষ্টা ছিল।”
এবার কোরবানির ঈদের আগে থেকেই চড়তে থাকে কাঁচা চামড়া সংরক্ষণের অতি জরুরি উপাদান লবণের দাম।
দাম বাড়তে বাড়তে তা গতবারের দ্বিগুণ হয়ে যায়। গতবছর কোরবানির সময় ৭৪ কে লবণের বস্তার দাম ছিল ৬৫০ টাকা, আর এবার তার দমে উঠে যায় ১৩০০ টাকায়।
দাম বেড়ে অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ঈদের আগে লবণ কেনেননি পোস্তার চামড়া ব্যবসায়ীরা।
লবণের দামে লাগাম টানতে দেড় লাখ টন লবণ আমদানির জন্য এলসি খোলার কথা গত সপ্তাহে জানিয়েছিলেন বাণিজ্য সচিব হেদায়তুল্লাহ আল মামুন।
ঈদের আগেই দেড় লাখ টন লবণ এসেছে জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, “ঈদের তিন-চার দিন আগে আরও এক লাখ টন লবণ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
“এক লাখ টন যদি দেশে এসে পৌঁছায় তবে আমার মনে হয় লবণের দাম একদম স্বাভাবিক পর্যায়ে চলে আসবে।”
মন্ত্রী বলেন, “লবণের দাম যখন বেড়েছিল ৪ টাকা, তখনই কিন্তু কমেছিল। লবণের (প্রতি কেজি) দাম ৪২ টাকা পর্যন্ত ছিল, এখন কিন্তু ৪২ টাকা নেই, ৪০ এর নিচে।”
