পঞ্চগড়ে ছাত্রীদের নিয়ে দুরন্ত বাইসাইকেলের র্যালি
শিক্ষায় নারীর অংশগ্রহণ বাড়িয়ে তাদের ক্ষমতায়ন ‘ত্বরান্বিত’ করতে পঞ্চগড়ে সাইকেল র্যালি করেছে দুরন্ত বাইসাইকেল।
শনিবার প্রাণ গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তুমি এগিয়ে গেলে, এগিয়ে যাবে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে চার কিলোমিটারের র্যালিতে জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ ছাত্রী অংশগ্রহণ করে।
গত ৪ সেপ্টেম্বর সকালে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে থেকে শুরু হয়ে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালির সার্বিক তত্ত্বাবধানে ছিল জেলা প্রশাসন।
দুরন্ত বাইসাইকেলের বিপণন প্রধান চৌধুরী ফজলে আকবর বলেন, শিক্ষার্থীদের আত্মনির্ভশীল করতে এই আয়োজন।
অনুষ্ঠান শেষে লটারির মাধ্যমে দুরন্ত বাইসাইকেলের পক্ষ থেকে ২০ জন ছাত্রীকে একটি করে নতুন বাইসাইকেল প্রদান করা হয়।
এসময় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শহিদুল আলমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
