গাজীপুরে ওয়ালটনের এলইডি লাইট কারখানা উদ্বোধন
গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের এলইডি লাইট উৎপাদন কারখানা উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার চন্দ্রায় ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনে নতুন এই কারখানার উদ্বোধনীতে মন্ত্রী বলেন, “ওয়ালটন বাংলাদেশের মানুষের হৃদয় জয় করেছে। তাদের প্রতিটি পণ্যই মান সম্পন্ন।
“গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর কারণেই তারা দ্রততম সময়ে শিল্প বিপ্লব ঘটিয়েছে। বিভিন্ন দেশে ওয়ালটন পণ্য রপ্তানি হচ্ছে- যা দেশের জন্য গর্বের বিষয়।”
উদ্বোধনী অনুষ্ঠানের আগে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী ওয়ালটনের কারখানায় পৌঁছলে তাকে এই ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যের কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী ওয়ালটনের পণ্য প্রদর্শনী কেন্দ্র পরিদর্শন করেন। এরপর ওয়ালটন মাইক্রোটেক কারখানা কমপ্লেক্সে এলইডি লাইট তৈরির কারখানা উদ্বোধন করেন।
এছাড়া তিনি টেলিভিশন প্যানেল অ্যাসেম্বলি লাইন, এসএমটি (সারফেস মাউন্ট টেকনোলজি) লাইন, টেলিভিশন উৎপাদন ইউনিট, ফাউন্ড্রি অ্যান্ড কাস্টিং প্রজেক্ট, রেফ্রিজারেটর উৎপাদন ইউনিট, মোল্ড অ্যান্ড ডাই সেকশন এবং অন্যান্য হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করেন।
