২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের ছুটিতে এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

কোরবানির ঈদের ছুটিতে ব্যাংকগুলোর এটিএম বুথে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2016, 11:25 PM

Updated : 11 Oct 2022, 08:41 PM

একইসঙ্গে যে কোনো ধরনের অনাকাঙিক্ষত ঘটনা রোধ এবং সাইবার অপরাধ প্রবণতা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলোর নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো আলাদা দুটি সার্কুলারে এ নির্দেশ দেওয়া হয়।

‘ঈদ উৎসবে নিরবচ্ছিন্ন লেনদেন’ শীর্ষক সার্কুলারে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহার ছুটিতে সব ব্যাংকের এটিএম বুথ, পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে ও মোবাইল সেবার মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে ব্যবস্থা নিতে হবে।

“নিরবচ্ছিন্ন এটিএম সেবা নিশ্চিত করার লক্ষ্যে এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহ নিশ্চিত করতে হবে।”

এছাড়া এটিএম বুথে সার্বক্ষণিক পাহারাদারের সতর্ক অবস্থান ও অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

একইসঙ্গে পিওএস সেবা, মোবাইল সার্ভিসের মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করার কথা বলা হয়েছে নির্দেশনায়। অনলাইন ই-পেমেন্ট গেটওয়েতে কার্ডভিত্তিক লেনদেনের ক্ষেত্রে ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ ব্যবস্থা চালু রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, ছুটির সময় যে কোনো অঙ্কের লেনদেনে গ্রাহকদের মোবাইলে বার্তা পাঠানোসহ, সার্বক্ষণিক হেল্প লাইন–সুবিধা প্রদান করতে হবে।

‘ব্যাংকের ব্যবসা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকল্পে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ’ বিষয়ক অপর সার্কুলারে ঈদের দীর্ঘ ছুটিতে যে কোনো ধরনের অনাকাঙিক্ষত ঘটনা রোধকল্পে এবং সাইবার অপরাধ প্রবণতা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ব্যাংক কোম্পানিগুলোর ব্যবসা কেন্দ্রের নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দেয়া হয়।

“ঈদের ছুটিতে ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা অফিস, এটিএম বুথ ইত্যাদির সাইবার নিরাপত্তাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

প্রয়োজনে ব্যাংক কর্মকর্তাদের মাধ্যমে পালাক্রমে তদারকির ব্যবস্থা নিশ্চিত করতে বলেছে বাংলাদেশ ব্যাংক।