২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ঘাটতি কমাতে ব্যবসায়ীদের বৈঠক

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি দুই বছরের মধ্যে কমিয়ে আনা সম্ভব বলে চট্টগ্রামে এক আলোচনায় মত দিয়েছেন ব্যবসায়ী নেতারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2016, 09:21 PM

Updated : 12 Apr 2022, 02:49 AM

মঙ্গলবার নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে থাই বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে চট্টগ্রাম চেম্বারের এক বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকে থাই-বাংলাদেশ বিজনেস কাউন্সিলেরর সভাপতি মিনপান্ট চায়া বলেন, বাংলাদেশের সাথে থাইল্যান্ডের যে ব্যাপক বাণিজ্য ঘাটতি সেটা দুই বছরের মধ্যে কমিয়ে আনা যায়।

তিনি বলেন, এ জন্য বাংলাদেশকে থাইল্যান্ডের বাজার স্টাডি করে নতুন পণ্য নিয়ে হাজির হতে হবে।

বাংলাদেশের অর্থনীতির দ্রুত বিকাশ ঘটছে জানিয়ে মিনপান্ট বলেন, গত কয়েক বছরে বাংলাদেশের দৃশ্যমান উন্নতি ঘটেছে। জিডিপি বাড়ছে, বেড়েছে মাথাপিছু আয়ও।

“বাংলাদেশকে থাইল্যান্ডের বাজার ধরতে হলে অ্যাগ্রো-বেজড পণ্য, চিংড়ি গার্মেন্টের পাশাপাশি পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে হবে।”

তিনি বিদ্যমান বন্ধুত্বকে একপাক্ষিক নয় উইন-উইন সিচুয়েশনে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ থাইল্যান্ডে বছরে ৩৯.৬২ মিলিয়ন ইউএস ডলার রপ্তানি করে আর আমদানি করে ৭৪১ মিলিয়ন ডলারের পণ্য। বাণিজ্য ঘাটতি প্রায় ৭০০ মিলিয়ন ডলার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, বাংলাদেশ সরকার সারা দেশে প্রায় ১০০টি অর্থনৈতিক অঞ্চল করছে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য। থাইল্যান্ড এ সুযোগ নিতে পারে।

ব্যবসা-বাণিজ্যের গতিশীলতা বাড়াতে বাংলাদেশের বিশাল কর্মযজ্ঞ চলছে জানিয়ে মাহবুবুল আলম বলেন, ইকোনমিক জোনের মধ্যে তিনটি হবে চট্টগ্রামে। তার মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মিরসরাইয়ে আট হাজার একর জমি ও কর্ণফুলি নদীর অপর পাড়ে আনোয়ারায় এক হাজার একর জায়গা নিয়ে ইকোনমিক জোন হচ্ছে।

“এ জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন করা হয়েছে। বে টার্মিনাল নির্মাণের সমীক্ষা চলছে। বিনিয়োগকারীদের দেওয়া হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস। ইতোমধ্যে জাপান, চিন, তাইওয়ান, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব ইকোনমিক জোনে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।”

প্রতিনিধি দলের সভাপতি চকেডি কাউসাং বলেন, থাইল্যান্ড বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী।

বাংলাদেশের বিনিয়োগ অনুকূল নীতি, সস্তা শ্রম ও ভৌগলিক অবস্থান বিবেচনায় নিয়ে থাইল্যান্ড আরও বেশি বিনিয়োগ করত পারে বলে জানান তিনি।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম থাইল্যান্ডকে বাংলাদেশ থেকে ওষুধ, চামড়া, পাটজাতীয় পণ্য ও গার্মেন্ট আমদানি করার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের এসব পণ্য আন্তজার্তিক মানের। থাইল্যান্ড এসব পণ্য বেশি বেশি আমদানি করলে বাণিজ্য ঘাটতি কমে আসতে পারে।

বাংলাদেশ ফ্রোজেন ফুডস প্রসেস অ্যাসোসিয়েশরে জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. গোলাম মোস্তফা বলেন, বাংলাদেশের ওষুধ, গার্মেন্ট ও চিংড়ি রপ্তানির সিংহভাগ ইউরোপ ও আমেরিকায় হয়ে থাকে।

“তার মানে আমরা ইউরোপীয়ান স্ট্যান্ডার্ড পণ্য রপ্তানি করছি, যেটার উপর থাইল্যান্ডও নির্ভর করতে পারে”।

এভাবে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব বলে মত দেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ও থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল আমীর হুমায়ুন চৌধুরী, চট্টগ্রাম চেম্বার সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক অঞ্জন শেখর দাস, মাহফুজুল হক শাহ ও চট্টগ্রাম বন্দর সদস্য (প্রশাসন) জাফর আলম।