‘জিপি অ্যাকসেলেরেটর’ দ্বিতীয় ব্যাচের যাত্রা শুরু
স্থানীয় প্রযুক্তি স্টার্টআপগুলোর সহায়তায় ‘জিপি অ্যাকসেলেরেটর’ কর্মসূচির দ্বিতীয় ব্যাচের যাত্রা শুরু হয়েছে।
মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউজে দ্বিতীয় ব্যাচের কার্যক্রমের উদ্বোধন করেন।
এসডি এশিয়ার সহযোগিতায় প্রাথমিক পর্যায়ে থাকা স্থানীয় প্রযুক্তি স্টার্টআপগুলোকে সহায়তা করতে কাজ করছে জিপি অ্যাকসেলেরেটর। চার মাসের এই কর্মসূচিতে এসব উদ্যোক্তাদের অত্যন্ত কার্যকরী ও ফলপ্রসূ প্রশিক্ষণ দেওয়া হয়।
জিপি অ্যাকসেলেরেটর স্টার্টআপগুলোর ব্যবসা বিস্তৃতির জন্য এ শিল্পখাত সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে উদ্যোক্তাদের যোগাযোগের সুযোগ করে দেয় বলে জানায় গ্রামীণফোন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, “এ ধরনের উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টি করতে এবং এদেশের তরুণদের প্রতিভা প্রকাশের সুযোগ দিতে পারে, যা তরুণদের জঙ্গিবাদের প্রভাবমুক্ত থাকতে সাহায্য করবে।”
বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, “গ্রামীণফোনের মত প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের চাহিদা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখে, এই জ্ঞান জিপি একসেলারেটর এর তরুণ উদ্যোগতাদের গ্রাহক বান্ধব সেবা তৈরিতে খুবই সহায়ক হবে বলে মনে করি।”
২০২১ সালের মধ্যে বাংলাদেশ থেকে প্রথম বিলিয়ন ডলার স্টার্টআপ তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছেন বলে জানান গ্রামীণফোনের হেড অফ ট্র্যান্সফরমেশন কাজী মাহবুব হাসান।
“২০২১ সালের মধ্যে বাংলাদেশ থেকে প্রথম বিলিয়ন ডলার স্টার্টআপ তৈরির মিশনে নেমেছি আমরা। সব সহযোগীদের সাথে কাজ করার মাধ্যমেই জিপি অ্যাকসেলেরেটর এই উচ্চাভিলাষী লক্ষ্য অর্জন করতে পারবে।”
অত্যন্ত প্রতিযোগিতামূলক কয়েকটি ধাপের মাধ্যমে দ্বিতীয় ব্যাচের শীর্ষ পাঁচ স্টার্টআপগুলোকে জিপি অ্যাকসেলেরটের এ পর্যায়ে পৌঁছাতে হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসডি এশিয়ার প্রতিষ্ঠাতা ও সিইও মোস্তাফিজুর আর খান, গ্রামীণফোন ও এসডি এশিয়ার জেষ্ঠ্য সদস্য এবং বিভিন্ন স্টার্টআপ এবং বিনিয়োগকারীরা।
ক্র্যামস্স্ট্যাক: একটি ডাটা অ্যানালিটিকস প্ল্যাটফর্ম। যা অ্যানালিটিকস পাইপলাইন ও মডেল ব্যবহারের মাধ্যমে এন্টারপ্রাইজ ডাটা থেকে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে।
সোসাইন: সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে মানুষজন ব্র্যান্ড সম্পর্কে কি বলছে এবং কি ভাবছে এ নিয়ে পদ্ধতিগতভাবে তথ্য সংগ্রহ করার অ্যানালিটিক প্ল্যাটফর্ম। সোসাইন হচ্ছে, সোশ্যাল অ্যানালিটিকস।
সিএমইডি: এটি কম খরচে ও সাশ্রয়ী উপায়ে স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জানতে বাংলাদেশের মানুষের জন্য ক্লাউড ভিত্তিক মেডিকেল ব্যবস্থা, যা স্বাস্থ্যঝুঁকি ও মেডিকেল খরচ কমিয়ে আনবে।
বাজঅ্যালি: ব্র্যান্ডগুলোর জন্য মোবাইল মার্কেটিং নিয়ে কাজ করে। গ্রাহকদের ব্র্যান্ড সম্পর্কে আরও উন্নত অভিজ্ঞতা দিতে অডিয়েন্স টার্গেটিং নিয়ে কাজ করে। এদের প্রথম উদ্ভাবনী পণ্যটি হচ্ছে মিসড কল মার্কেটিং।
ঘুরি: বাংলাদেশ ও দেশের বাইরে ভ্রমণের ক্ষেত্রে উদ্ভাবনী হোটেল ও ট্যুর প্যাকেজ রিজার্ভেশন সেবাদাতা প্রতিষ্ঠান।
