টেলিটকের কাছে ‘সদুত্তর’ পায়নি সংসদীয় কমিটি
অনিয়মের নানা অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে টেলিটকের কোনো ‘সদুত্তর’ না পেয়ে অসন্তোষ জানিয়েছে সংসদীয় কমিটি।
সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটরটি নিয়ে আলোচনা হয়।
বৈঠকের কার্যপত্রে দেখা যায়, বৈঠকে অবৈধ কল টার্মিনেশন, অবৈধ ভিওআইপিতে টেলিটকের সিমের ব্যবহার শীর্ষে, অনিবন্ধিত সিম বন্ধসহ বিভিন্ন অনিয়ম নিয়ে কয়েকটি পত্রিকায় প্রকাশিত খবরের বিষয়ে টেলিটকের ব্যাখ্যা চাওয়া হয়।
প্রত্যেকটি প্রতিবেদনের বিষয়ে টেলিটকের প্রতিনিধির বক্তব্য ছিল, গণমাধ্যমে যেসব খবর প্রকাশিত হয়েছে সেগুলো ‘সঠিক নয়’।
কমিটির সভাপতি ইমরান আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টেলিটক তাদের বিভিন্ন বিষয় নিয়ে খবরের ব্যাপারে একই ধরনের উত্তর দিয়েছে। তারা বলেছে, পত্রিকাগুলো তাদের পাঠানো প্রতিবাদলিপি ছাপায়নি।
“কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, যদি তারা প্রতিবাদলিপি না ছাপায় আর খবরগুলো সঠিক না হয়ে থাকে, তাহলে টেলিটক লিগ্যাল অ্যাকশনে কেন গেল না?”
“এর কোনো সদুত্তর পাওয় যায়নি। সদুত্তর না পাওয়ার অর্থ কী তাহলে? অনেক প্রশ্ন করা হয়েছে, উত্তর ঠিকমতো আসে নাই,” বলেন সংসদীয় কমিটির সভাপতি।
অবৈধ ভিওআইপিতে টেলিটকের সিম ব্যবহারের তথ্য গত ২১ জুলাই সংসদে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারনা হালিমের দেওয়া তথ্যে উঠে আসে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, অবৈধ ভিওআইপিতে মোবাইল অপারেটরের মধ্যে সবচেয়ে বেশি সিম জব্দ হয়েছে টেলিটকের। গত এক বছরে এই কোম্পানির ১০ হাজার ৮০৫টি সিম জব্দ হয়েছে।
বৈঠক নিয়ে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন ‘বিজনেস প্ল্যান’ তৈরি করে রাষ্ট্রায়ত্ত কোম্পানিটিকে কীভাবে লাভজনক করা যায়, সে বিষয়ে একটি প্রতিবেদন নিয়ে পরবর্তী সভায় আসতে বলেছে সংসদীয় কমিটি।
লোগো বদলে নতুনভাবে শুরুর ঘোষণা দিলেও প্রত্যাশা পূরণে এখনও সফল হয়নি টেলিটক
কমিটির সভাপতি ইমরান বলেন, “টেলিটক ইজ ইন অ্যা ব্যাড সেইপ। এটাকে কীভাবে গুড সেইপে আনা যায়, সেটা মূল বিষয়। সবরকম প্রটেকশন তার আছে, তাহলে কেন সেটা কাজ করছে না?”
“৪০ লাখ সিম থেকে ২০ লাখ অনিবন্ধিত, যেগুলো ব্লক করা হয়েছে। তাহলে সংযোগ বাড়ানোর জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে। আদৌ কি কোনো বিজনেস প্ল্যান আছে,” প্রশ্ন করেন তিনি।
টেলিটককে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে নেওয়ার প্রস্তাবও কমিটিতে এসেছে।
ইমরান বলেন, “এটা নিয়ে চূড়ান্ত কোনো সুপারিশ করা হয়নি। আমরা আরও ডিটেইল আলোচনা করব। পরে কমিটি সুপারিশ করবে।”
অক্টোবর মাসে অনুষ্ঠেয় কমিটির আগামী বৈঠকেও টেলিটক নিয়ে আলোচনা হবে বলে জানান সংসদীয় কমিটির সভাপতি।
ইমরান আহমেদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মোয়াজ্জেম হোসেন রতন, শওকত হাচানুর রহমান (রিমন) ও হোসনে আরা লুৎফা ডালিয়া অংশ নেন।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, বিটিআরসির চেয়ারম্যান, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, টেলিটক ব্যবস্থাপনার দুর্বলতা নিরসনের লক্ষ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সক্রিয় রয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
“ইতোমধ্যে টেলিটকের সার্বিক ব্যবস্থাপনা উন্নয়নে অফিস অটোমেশন, প্রক্রিয়া সহজীকরণ করা হয়েছে। এ সকল কার্যক্রমের ফলে টেলিটকের ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে।”
