‘ফরচুন ৫০০’র প্রথম হিসেবে ব্যবহৃত পানি ফিরিয়ে দিচ্ছে কোকা-কোলা
‘ফরচুন ৫০০’ কোম্পানির মধ্যে প্রথম কোম্পানি হিসেবে কোকা-কোলা পণ্য উৎপাদনে ব্যবহৃত পানির সমপরিমাণ সুপেয় পানি ফিরিয়ে দেওয়ার সক্ষমতা অর্জন করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোকা-কোলা সিস্টেম ২০১৫ সালে ৭১টি দেশে কমিউনিটি ওয়াটার প্রজেক্টের মাধ্যমে প্রাকৃতিক উৎস ও কমিউনিটিতে ১৯১ দশমিক ৯ বিলিয়ন লিটার পানি ফিরিয়ে দিয়েছে, যা এ বছর কোম্পানিটির ব্যবহৃত পানির ১১৫ শতাংশ।
কোকা-কোলা বলছে, ২০০৭ সালে তারা অঙ্গীকার করেন ২০২০ সালের শেষ নাগাদ পণ্য উৎপাদনে ব্যবহৃত পানির পুরোটা তারা ফিরিয়ে দিতে চান। নির্ধারিত সময়ের পাঁচ বছর আগেই তাদের সেই লক্ষ্য পূরণ হয়েছে।
“২৪৮টি স্থানীয় প্রকল্পের মাধ্যমে বিশ্বের ৭১টি দেশে বিশুদ্ধ পানি সরবরাহের সুবিধা প্রদান, জলাধরা রক্ষা ও উৎপাদন ক্ষেত্রে পানির বহুমুখী ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে কোকা-কোলা এই লক্ষ্য অর্জন করেছে।”
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোকা-কোলা ও এর বোতল উৎপাদক কোম্পানি ২০১৫ সালে পানি ব্যবহারের উন্নয়ন ঘটিয়েছে আড়াই শতাংশ। আর ২০০৪ সাল থেকে তাদের এই উন্নয়ন ২৭ শতাংশ। এক লিটার কোকা-কোলা তৈরিতে ২০০৪ সালে যেখানে ২ দশমিক ৭ লিটার পানি ব্যবহার করা হত, সেখানে ২০১৫ সালে লেগেছে ১ দশমিক ৯৮ লিটার। এটা আরও কমিয়ে ২০২০ সালে ১ দশমিক ৭ লিটারে নিয়ে যেতে চান তারা।
ফরচুন ম্যাগাজিন প্রতিবছর রাজস্বের হিসাবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যে ৫০০ কোম্পানির তালিকা করে তা ‘ফরচুন ৫০০’ নামে পরিচিত।
