২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলের খাটাল খাঁ খাঁ, লাভের আশায় খামারিরা

ভারত থেকে গরু আসা কমে যাওয়ায় এবার কোরবানির ঈদে ‘ভালো’ লাভের আশা করছেন যশোরের বেনাপোল অঞ্চলের দেশি গরুর খামারিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2016, 02:24 PM

Updated : 11 Oct 2022, 08:40 PM

সীমান্তের খাটালগুলোতে গরু না পেয়ে পশু ব্যবসায়ীরা ইতোমধ‌্যে খামারিদের কাছ থেকে গরু কেনা শুরু করেছেন। খামারগুলোতে চলছে কোরবানির পশুর শেষ মুহূর্তের পরিচর্যা।

ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কড়াকড়ির কারণে সেদেশ থেকে এবার ‘চাহিদামত’ গরু না আসায় পশুর খাটালগুলো খাঁ খাঁ করছে। এ কারণে ঈদে দেশি গরু-ছাগলের চাহিদা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় গরু যে এবার কম আসছে, তা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুর রহমানের তথ‌্য থেকেও স্পষ্ট।  

তিনি জানান, পুটখালি, দৌলতপুর, অগ্রভুলোট, গোগা ও রুদ্রপুর খাটালে এবছর প্রথম আট মাসে মোট দুই হাজার ৫২৪টি গরু এসেছে। এর মধ্যে এক হাজার ৯০০ গরু এসেছিল জানুয়ারিতে।

পুটখালি খাটালের ইজারাদার নাসিম রেজা পিন্টু জানান, বিএসএফ এবার তাদের সীমান্তের আট কিলোমিটারের মধ্যে থাকা সব হাট সরিয়ে নিতে বলেছে।

ফলে উত্তর চব্বিশ পরগনার পাঁচপোতা, নদীয়ার হাকনাবাড়ি, মালদার পাপুয়াহাট, মুর্শিদাবাদের কৃষ্ণপুর, ধনিরামপুর আর ধুলিয়ান হাটে এবার গরু আসেনি। মূলত এসব হাট থেকেই প্রতি বছর কোরবানির আগে সীমান্তের এপাড়ের খাটালগুলোতে গরু আসত বলে জানান তিনি।

অগ্রভুলোট খাটালের ইজারাদার আব্দুর রশিদ বলেন, ভারতীয় গরু না আসায় এবার খাটালগুলো ‘খাঁ খাঁ’ করছে।

“আগে দেশের নানা জায়গা থেকে ব্যবসায়ীরা কোরবানির আগে খাটালে এসে গরুর দরদাম করত। এখন খাটালে গরুই নাই। ব্যবসায়ীরা তাই এদিকে খুব একটা আসেন না।”

আর এ কারণে অনেকদিন পর ভালো লাভের আশায় উৎফুল্ল বেনাপোলের ছোট বড় দেড় হাজার খামারের মালিকরা।

শার্শা উপজেলার বিভিন্ন খামারে গিয়ে দেখা যায়, গরুর মাথার উপর ঘুরছে বৈদ্যুতিক পাখা, মশা-মাছির উৎপাত থেকে রক্ষার জন্য টাঙ্গানো রয়েছে মশারি। পুষ্টিকর খাবারের পাশাপাশি চলছে নিয়মিত পরিচর্যা, প্রয়োজনে চিকিৎসা।

“ভারত থেকে গরু আসায় প্রতিবছর লোকসানে পড়তাম। এবার গরু আসা বন্ধ, তাই ভালো লাভের আশা করছি”, বলেন মনোয়ারা বেগম।

সামটা বাজারের পাশে আটটি গরু নিয়ে ছোট্ট খামার তার। পাঁচ বছর আগে ১২ হাজার টাকা নিয়ে ব্যবসায় নামেন মনোয়ারা; আর এবার প্রতিটা গরু অন্তত দেড় লাখ টাকায় বিক্রির আশা করছেন।

মনোয়ারার মতই উৎফুল্ল পুটখালির নাসির উদ্দিন। বেনাপোল বাজার থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণে ভারত সীমান্ত ঘেঁষা নাসিরের খামারে গরুর সংখ্যা ২০০। সেগুলোর পরিচর্যা ও দেখভালের দায়িত্বে আছেন ২৫ জন কর্মচারী।

“সাত বছর আগে খামার শুরু করি। স্থানীয় বাজার থেকে কেনা প্রতিটি গরু ৬/৭ মাস খামারে রেখে পরিচর্যা করার পর বিক্রি করলে ভালো লাভ হয়। এখন আমার দুটো খামার,” বলেন তিনি।

পুটখালিতে আগেও দূর-দূরান্তের গরু ব্যবসায়ীদের আনাগোনা ছিল, তবে তা ছিল খাটালকেন্দ্রিক। বেনাপোল সীমান্ত লাগোয়া এই গ্রামেই সীমান্তের সবচেয়ে বড় খাটাল। কাছেই রয়েছে ছোটবড় আরও চারটি খাটাল।

নাসির বলেন, “খাটালগুলোতে এবার তেমন গরু না আসায় ব্যবসায়ীরা আমাদের কাছে আসছেন। বাজারে ভারতীয় গরু কম থাকলে এ বছর ভালো দাম পাব বলে আশা করছি।”

একই রকম আশার কথা বললেন ত্রিমোহিনী শ্যামলাগাছির আশানুর রহমান, সাদিকুর রহমান, খলিলুর রহমান, নারানপুরের তারিক হোসেন, মিজানুর রহমান, উলাশির তুহিনা বেগম, বারিপোতার সাইদুল ইসলাম, কামরুল ইসলাম, শার্শার সমর সরকার।

ঈদ বাজারে সরবরাহের জন্য ব‌্যাপারিরা এরই মধ্যে শার্শা উপজেলার খামারগুলো থেকে কোরবানির পশু সংগ্রহ শুরু করেছেন বলে জানান কয়েকজন খামারি।

উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা জয়দেব সিংহ বলেন, ভারতীয় গরু-ছাগল না আসায় ঈদের আগে খামার মালিকরা এবার ‘বেশ উজ্জীবিত’।

“এখানকার বেশিরভাগ খামারে গরু মোটাতাজাকরণ হয়। ঈদের আগে ভালো লাভের আশা করছেন খামারিরা”, বলেন তিনি।