২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুদ্র ঋণগ্রহীতাদের সুরক্ষায় ব্র্যাকের আন্তর্জাতিক স্বীকৃতি

ক্ষুদ্র ঋণ কর্মসূচির সেবাগ্রহীতাদের সুরক্ষায় অঙ্গীকার বাস্তবায়নের স্বীকৃতি হিসেবে ‘স্মার্ট’ এর সনদ পেয়েছে ব্র্যাক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2016, 12:35 AM

Updated : 20 Aug 2022, 01:35 PM

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, এই সম্মাননা অর্জনের মাধ্যমে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান এই প্রথমবারের মতো বিশ্বব্যাপী সুপরিচিত ও নেতৃস্থানীয় আরও ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হলো।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বৃহস্পতিবার স্মার্ট ক্যাম্পেইন থেকে ব্র্যাককে ‘ক্লায়েন্ট প্রোটেকশন সার্টিফিকেশন’ দেওয়ার ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ক্লায়েন্ট প্রোটেকশন সার্টিফিকেশন’ একটি নিরপেক্ষ ও তৃতীয় পক্ষ দ্বারা মূল্যায়িত সর্বজনীন স্বীকৃতি। আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের সেবাগ্রহীতাদের সুরক্ষাকল্পে কতোটা সন্তোষজনকভাবে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে তার উপর ভিত্তি করে এই সনদ দেওয়া হয়।

এই সনদ অর্জনের জন্য স্মার্ট ক্যাম্পেইনের ‘ক্লায়েন্ট প্রোটেকশন নীতিমালা’র সঙ্গে সামঞ্জস্য রাখতে ব্র্যাক তার নীতিমালা এবং কার্যপ্রণালীর নিবিড় নিরীক্ষার মাধ্যমে অগ্রসর হয়েছে।

এই প্রক্রিয়ায় ব্র্র্যাকের ক্ষুদ্রঋণ কর্মসূচির গ্রাহকের প্রতি শ্রদ্ধাশীল আচরণ, স্বচ্ছতা, ন্যায্যমূল্যে সেবাদান এবং অতিমাত্রায় ঋণগ্রস্ততা প্রতিরোধ প্রভৃতি বিষয়গুলো খতিয়ে দেখা হয় বলছে ব্র্যাক।

এ সনদ অর্জনের প্রতিক্রিয়ায় ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির পরিচালক শামেরান আবেদ বলেন, “স্মার্ট সার্টিফিকেট পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। সেবাগ্রহীতাদেরকেই আমরা সর্বাধিক গুরুত্ব দিই।

“এই অর্জন দরিদ্রদের চাহিদানুযায়ী দায়িত্বশীলভাবে আর্থিক সেবাদানে আমাদের কর্মসূচির কার্যকারিতাই প্রমাণ করে।”