২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিল কমেছে গাবতলী পশুর হাটে

রাজধানীতে সবচেয়ে বড় গাবতলী পশুর হাটে সিটি কর্পোরেশন নির্ধারিত হাসিলের চেয়ে এবার কম নিচ্ছেন ইজারাদার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2016, 11:38 PM

Updated : 20 Aug 2022, 01:34 PM

গরুর দামের শতকরা সাড়ে তিন টাকার পরিবর্তে এক টাকা হাসিল নেওয়া ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানান হাটের ইজারাদার লুৎফর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুধু বেপারী এবং মাংস সরবরাহকারীদের এই সুযোগ দেওয়া হচ্ছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম ইজারাদারের এই সিদ্ধান্তকে ‘মহৎ উদ‌্যোগ’ হিসাবে দেখছেন।

এদিকে ঈদুল আজহাকে কেন্দ্র করে গাবতলী পশুর হাট জমতে শুরু করেছে। ঢাকা বাইরে থেকে এই প্রধান হাটে বিভিন্ন ধরনের পশু আসা শুরু করেছে। নিরাপত্তা ব্যবস্থাসহ সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন এই পশুর হাটে বছরজুড়ে গরু কেনাবেচা চলে। রাজধানীসহ আশেপাশের জেলাগুলোতে মাংসের চাহিদা মেটায় এই হাটের গরু।

তবে কোরবানির ঈদে স্থায়ী এই হাট ঘিরে এক আলাদা পরিবেশ গড়ে উঠে। ব্যবসায়ী ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজর থাকে।

এরই মধ্যে হাট ঘিরে শতাধিক সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। ইজারাদারও প্রায় দেড় হাজার অতিরিক্ত কর্মী নিয়োগ দিচ্ছেন। এই নিয়োগ পেতে কলেজপড়ুয়া শতশত শিক্ষার্থী ভিড় করছেন হাটে।

“আমরা যাচাই করে এদের নিয়ে থাকি। এর জন্য আবার বিভিন্ন স্থান থেকে তদবিরও আসে,” বলেন ইজারাদার লুৎফর।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রতিবছরের প্রায় মাঝামাঝি সময় এই হাট ইজারার ডাক দেয়। এবছর প্রায় ১৬ কোটি টাকা দিয়ে ইজারা পেয়েছের লুৎফর।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবারের ইজারার শর্ত অনুযায়ী (ঈদুল আজহার চার দিন ছাড়া) প্রতিটি পশুর মূল্যের উপর শতকরা সাড়ে ৩ টাকা হাসিল নেওয়ার বিধান রয়েছে। আর ঈদের চারদিন শতকরা ৫ টাকা হারে।

আর সারা বছর মাংস ব্যবসায়ীদের জন্য ছাগল- ভেড়া প্রতিটি ১৫ টাকা, গরু প্রতিটি ৫০ টাকা এবং মহিষ প্রতিটি ৭০টাকা হাসিল নেওয়ার বিধান রাখা হয়েছে।

“কম লাভে বেশি বিক্রির কৌশল হিসাবে এবার শুধু বেপারী এবং যারা বিভিন্ন অনুষ্ঠানে মাংস সরবরাহ করে থাকেন তাদের জন্য সাড়ে তিন টাকার পরিবর্তে শতকরা একটাকা হাসিল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে ঈদের চার দিন এর আওতায় পড়বে না,” বলেন লুৎফর।

এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইজারাদার যদি ফ্রি-ও দেয় তাতে আমাদের কোনো আপত্তি নেই। তবে কোনোভাবেই বেশি নিতে পারবে না।”  

গাবতলী হাটে কথা হয় চট্টগ্রাম ও কুমিল্লার বেপারি হাসান আহমেদ এবং করিম ভরসার সঙ্গে। তারা জানান, ঈদকে সামনে রেখে তারা গরু জড়ো করছেন। এখানে কম হাসিল পাওয়ায় এবার তাদের তুলনামূলক বেশি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে মাংস ব্যবসায়ী সমিতি গত এক মাস ধরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অভিযোগ করে আসছে, ইজারাদার তাদের কাছে বেশি করে হাসিল আদায়ের পাশপাশি লোকজন দিয়ে চাঁদাবাজিও করছে।

মাংস ব্যবসায়ি সমিতির নেতা রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা অতিরিক্ত হাসিল আদায়ের বিষয়ে সিটি কর্পোরেশন, ইজারাদারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে হাই কোর্টে মামলাও করেছেন।

এ বিষয়ে ইজারাদার লুৎফুর বলেন, “এক শ্রেণির মাংস ব্যবসায়ী আছেন, যারা সিটি কর্পোরেশন নির্ধারিত ৫০ বা ৭০ টাকার হাসিলের সুযোগে গাবতলী হাট থেকে গরু নিয়ে মাংস ঝুলিয়ে বিক্রির পরিবর্তে গরু বা মাংস সরবরাহ ব্যবসার সাথে জড়িয়ে পড়ছেন।

“এসব কতিপয় মাংস ব্যবসায়ীদের ব্যাপারে কঠোর অবস্থান নেওয়ায় তারা বিভিন্ন ভাবে হয়রানির চেষ্টা করছেন।”

মামলা সংক্রান্ত বিষয়ে প্রধান সম্পত্তি কর্মকর্তা আনিনুল জানান, মামলার বিষয়টি নিয়ে আইন বিভাগ কাজ করছে। যথা সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।