২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় পোশাকশিল্প পণ্যের প্রদর্শনী শুরু

টেক্সটাইল ও পোশাক শিল্পের যন্ত্রপাতি, সুতা ও রাসায়নিক দ্রব্য নিয়ে ঢাকায় বসেছে চার দিনের আন্তর্জাতিক প্রদর্শনী- ‘টেক্সটেক বাংলাদেশ’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2016, 10:05 PM

Updated : 20 Aug 2022, 01:34 PM

বুধবার ঢাকায় বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বহুদেশীয় সম্মেলন ব্যবস্থাপনা প্রতিষ্ঠান কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস্ লিমিটেড বা সেমস্ গ্লোবাল প্রদর্শনীর আয়োজক।

এবারের আয়োজন ‘সপ্তদশ টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো’, ‘দশম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো’ এবং ‘২৫তম ডাই-ক্যাম বাংলাদেশ এক্সপো’- এই তিন ভাগে বিভক্ত।

তৈরি পোশাকখাতের এই প্রদর্শনীতে টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের আনুষঙ্গিক যন্ত্রপাতি, সুতা ও কাপড় তৈরির যন্ত্রপাতি, রঙ ও প্রয়োজনীয় রাসায়নিকের বিশাল সমাহার রয়েছে।

চীন, জাপান, ভারতসহ বিশ্বের ২৩টি দেশের প্রায় এক হাজার ৫০টি কোম্পানির এক হাজার ২৫০টি স্টল রয়েছে প্রদর্শনীতে।

প্রদর্শনীর উদ্বোধনীতে ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনার আদার্শ সোআইকা; বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, এফবিসিসিআই’র সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দীন, বিজিএমইএ সভাপতি মো. সিদ্দীকুর রহমান, বিকেএমইএর সহ-সভাপতি এএইচ আসলাম সানিসহ শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আয়োজক প্রতিষ্ঠান সেমসের মার্কেটিং বিভাগের প্রধান আবু নাঈম মোহাম্মদ শরীফ জানান, তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী ভোক্তা, দর্শক, উদ্যোগক্তা ও পোশাক ব্যবসায়ীদের জন্য একটি যুগোপযোগী পদক্ষেপ, যেখানে তারা ব্যবসা বাণিজ্যের নতুন পথ খুঁজে পাবে।

আধুনিক প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে ব্যবসা আরও সম্প্রসারণ করতে পারবেন তারা।

মেলায় অংশ নেওয়া হংকংভিত্তিক ফেব্রিক্স প্রতিষ্ঠান এমআর গ্লোবাল রিসোর্স এর বাংলাদেশের মার্কেটিং কর্মকর্তা জাহারলাল দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রদর্শনীতে আসার মূল উদ্দেশ্য ক্রেতাদের রুচি ও বাজারের চাহিদা সম্পর্কে ধারণা লাভ করা। এছাড়া নতুন নতুন ক্রেতা সৃষ্টির সুযোগও এই প্রদর্শনী।

চীনের গার্মেন্টস এক্সেসরিজ প্রতিষ্ঠান শিয়ামেন জেটেক্স এর মহা ব্যবস্থাপক পিটার চেন বলেন, বাংলাদেশে তার প্রতিষ্ঠানের অনেক গ্রাহক রয়েছে। পণ্যের বাজার ধরে রাখতে এ ধরনের মেলায় অংশ নেওয়া ব্যবসার কৌশলগত দিক।

সেমস্ গ্লোবাল ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর হতে বিগত ২৪ বছরেরও বেশি সময় ধরে দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বহুজাতিক প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠান হিসেবে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রদর্শনী চলবে। ১২ বছরের বেশি বয়সী সবার জন্য প্রদর্শনী উন্মুক্ত হলেও আগ্রহীদের www.e-registrations.com ওয়েবসাইট থেকে নিবন্ধন করে নিতে হবে।