২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮৭ তরুণ-তরুণীকে কারিগরি সনদ দিল রবি

ইউসেপ বাংলাদেশ পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে উত্তীর্ণ ১৮৭ জন শিক্ষার্থীর হাতে সনদ তুলে দিয়েছে মোবাইল ফোন অপারেটর রবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2016, 06:28 PM

Updated : 20 Aug 2022, 01:32 PM

অপারেটরটির কর্পোরেট দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় চট্টগ্রামে ‘গড়ি নিজের ভবিষ্যৎ’ নামে ১৫ মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি চলে।

রোববার রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রকল্পটির মাধ্যমে রবি চট্টগ্রামের সুবিধাবঞ্চিত তরুণ-তরুণীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল সিউয়িং মেশিন পরিচালনা, ইলেক্ট্রনিকস ও মোবাইল সার্ভিসিং-এর উপর কারিগরি প্রশিক্ষণ দিয়েছে।”

সম্প্রতি চট্টগ্রামের আমবাগানে ইউসেপ প্রশিক্ষণ কেন্দ্রে একটি সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আব্দুচ ছালাম।

উত্তীর্ণদের হাতে সনদ তুলে দেন রবির চিফ কর্পোরেট এবং পিপল অফিসার মতিউর ইসলাম নওশাদ। এ সময় রবির ইস্টার্ন ক্লাস্টার মার্কেটের ক্লাস্টার মার্কেট ডিরক্টের নাজির আহমেদ এবং ইউসেপ’র চিফ এক্সিকিউটিভ অফিসার জাকি হাসান উপস্থিত ছিলেন।

ভবিষ্যতে ইউসেপ বাংলাদেশের সাহায়তায় বাংলাদেশের অন্যান্য অঞ্চলে এই কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলে জানায় রবি।

নওশাদ বলেন, “গড়ি নিজের ভবিষ্যৎ-এর মাধ্যমে আমরা সুবিধাবঞ্চিত কিছু তরুণ-তরুণীকে প্রযুক্তিগতভাবে দক্ষ করার মাধ্যমে তাদের নিজ ভবিষ‌্যৎ গড়তে সহায়তা করছি। এটি আমাদের জন্য গর্বের বিষয় যে উত্তীর্ণ তরুণ-তরুণীরা ইতোমধ্যে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন।”

অনুষ্ঠানে রবির মিডিয়া রিলেশন্স’র ম্যানেজার আশিকুর রহমান, কর্পোরেট রেসপন্সিবিলিটি’র ম্যানেজার নাদিয়া খন্দকার ও শফিকুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।