২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাকশিল্পে টেকসই সক্ষমতা অর্জনে ‘প্রয়োজন সুদক্ষ কর্মশক্তি’

তৈরি পোশাকের প্রতিযোগিতামূলক বাজারে সক্ষমতা নিয়ে টিকে থাকতে সবস্তরের কর্মশক্তির দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ প্রয়োজন বলে মনে করছেন কারখানা মালিক ও উন্নয়ন সহযোগীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2016, 11:11 PM

Updated : 11 Oct 2022, 08:37 PM

প্রয়োজনীয় দক্ষতা থাকলে শীর্ষ রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশি পোশাককর্মীরা বিদেশেও উচ্চ বেতনে চাকরি করতে পারবেন বলে তাদের আশা।

বৃহস্পতিবার বিজিএমইএ ভবনে নবগঠিত সেন্টার অব এক্সিলেন্ট ফর বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ বা সিবাই এর কার্যক্রমের ওপর আয়োজিত সেমিনারে আলোচকদের কথায় এ মত উঠে আসে।

‘সাসটেইনেবল সিবাই অ্যান্ড এনহ্যান্সিং ইফিসিয়েন্সি থ্রো এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং’ শীর্ষক সেমিনারে দুই পর্বে উন্নয়ন সহযোগী, বিজিএমইএ নেতা, পোশাকখাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত পোশাককর্মীরা মতামত দেন।

অনুষ্ঠানের শুরুতে একক আলোচনায় আরএমজি সেন্টার অব এক্সিলেন্স এর প্রকল্প সমন্বয়ক এ কে এম শাহিদুজ্জামান বলেন, পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের বা ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা প্রয়োজনীয় প্রশিক্ষণ পেলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। ফলে শ্রমিকদের বেতনভাতাও বাড়াতে পারবেন মালিকপক্ষ।

“একজন দক্ষ শ্রমিককে বড় অংকের বেতনে নিয়োগ দিতে হচ্ছে, অথচ কারখানায় কর্মরত একজন শ্রমিককে তার প্রাপ্য প্রশিক্ষণ শেষে বেতন বাড়িয়ে দেওয়া যায়। ফলে মালিক শ্রমিক উভয় পক্ষই লাভবান হয়, উৎপাদনও বাড়ে,” বলেন তিনি।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাসটেইনেবল জার্নি অব সিইবিএআই (সিবাই) শীর্ষক আলোচনায় অংশ নেন বিজিএমইএর সাবেক সভাপতি ও সিবাই এর প্রেসিডেন্ট মো. আতিকুল ইসলাম, বিজিএমএর সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, সিবাই এর উপদেষ্টা ফারহাত আনোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য (আইবি) বিভাগের চেয়ারম্যান চৌধুরী সায়মা ফেরদৌস, বিশ্ব ব্যাংকের সিনিয়র অপারেশনাল অফিসার মোখলেসুর রহমান বক্তব্য রাখেন।

আতিকুল ইসলাম বলেন, বৈশ্বয়িক পরিবর্তন ও আন্তর্জাতিক বাজার ব্যবস্থাপনার কারণে এখন পোশাক শিল্পের শ্রমিক-কর্মকর্তাদের স্কিল্ড থেকে মাল্টি স্কিল্ড হওয়ার সময় এসেছে। সময় অপরিবর্তিত রেখে উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে।

এছাড়া মধ্যম আয়ের দেশে উন্নীত হতে পোশাকের রপ্তানি ২৮ বিলিয়ন থেকে ৫০ বিলিয়নে পৌঁছাতে হলেও এধরনের সর্বাধুনিক প্রশিক্ষণ ও এইখাত নিয়ে প্রয়োজনীয় গবেষণা প্রয়োজন।

এসব কারণে সিবাইয়ের মতো প্রতিষ্ঠান প্রয়োজনীয়তা দেখা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, সুইডেন, আইএলওসহ অন্যান্য প্রতিষ্ঠান এক্ষেত্রে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। এই সুযোগ কাজে লাগাতে না পারলে লক্ষ্যে পৌঁছানো যাবে না।

বিজিএমইএ নেতা ফারুক হাসান বলেন, পোশাক কারখানাভিত্তিক অনেক প্রশিক্ষণ কেন্দ্র, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানই দেশে রয়েছে। এখন প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতার শক্তি অর্জনের জন্য আমাদের প্রয়োজন গবেষণা প্রতিষ্ঠান। সেই কাজটি সিবাই শুরু করেছে।

“আমরা অনেক দেরিতে শুরু করেছি। আমাদের বাজার হচ্ছে পশ্চিমা উন্নত দেশগুলো। তাদের উপযোগী পোশাক তৈরি করতে হলে এধরনের গবেষণা কার্যক্রমের প্রয়োজন।”

সিবাই’র উপদেষ্টা ফরহাত আনোয়ার বলেন, রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসে দুর্ঘটনার পর এ ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলার চিন্তা ও প্রয়োজনীয়তা আলোচনায় আসে।

“ভবিষ্যতের বাজারে টিকে থাকতে হলে, উৎপাদন বাড়াতে হলে, পোশাক উৎপাদনের খরচ কমাতে হলে এ ধরনের মিশন সফল করতে হবে। কারখানা মালিকদের এই সুযোগ গ্রহণ করতে এগিয়ে আসতে হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, শুধু শ্রমিকদের প্রশিক্ষণ নয়, মধ্যম সারির কর্মীশ্রেণি এমনকি শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদেরও এ ধরনের প্রশিক্ষণের আওতায় আনা প্রয়োজন।

কর্মশালায় বিভিন্ন পোশাক কারখানার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইতোপূর্বে প্রশিক্ষণ নেওয়া বেশকিছু শ্রমিকও তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। 

এর আগে উদ্বোধনী পর্বে স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং বা ব্যবসা বান্ধব প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন ফকির অ্যাপারেলসের এক্সিকিউটিভ ডিরেক্টর দেবাশীষ সাহা, বিটপী গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর হাসান মাহমুদ, বিজিএমইএর সহ-সভাপতি মোহাম্মদ নাসির বক্তব্য রাখেন। দলগত আলোচনা পরিচালনা করেন আরএমজি সেন্টার অব এক্সিলেন্স এর সমন্বয়ক একেএম শহীদুজ্জামান।