২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরবানির ঈদে সাড়ে ৪ লাখ ফ্রিজ বিক্রির লক্ষ্য ওয়ালটনের

এবারের কোরবানির ঈদকে সামনে রেখে ওয়ালটন সাড়ে চার লাখ ফ্রিজ বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে বলে কোম্পানির শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2016, 11:26 PM

Updated : 20 Aug 2022, 01:27 PM

তাদের মতে, গুণগত মান ও দামে সাশ্রয়ী হওয়ার কারণে ওয়ালটন ফ্রিজের প্রতি গ্রাহকের চাহিদা দিন দিন বাড়ছে।

ওয়ালটনের নির্বাহী পরিচালক ও বিপণন বিভাগের প্রধান এমদাদুল হক সরকার বলেন, কোরবানির মাংস সংরক্ষণের জন্য ঈদের মৌসুমে ফ্রিজ কেনার ধূম পড়ে যায়। বিশেষ করে, বড় ডিপযুক্ত ফ্রিজের বিক্রি বাড়ে। তাই বাড়তি চাহিদা মেটাতে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে ওয়ালটন।

“কোরবানির ঈদকে সামনে রেখে সাড়ে চার লাখ ফ্রিজ বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য কারখানায় উৎপাদন বাড়ানো হয়েছে। প্লাজা ও পরিবেশকদের কাছে ওয়ালটন পণ্যের সরবরাহ বাড়ানো হয়েছে।”

ঈদে বিপুল পরিমাণ ফ্রিজ বিক্রির লক্ষ্যমাত্রার বিষয়ে কর্তৃপক্ষ যুক্তি দেখাচ্ছে ধারাবাহিক প্রবৃদ্ধিকে।

গত বছরের প্রথম সাত মাসের তুলনায় চলতি বছরের প্রথম সাত মাসে ৬১ শতাংশ ফ্রিজ বেশি বিক্রি হওয়ার কথা জানাচ্ছে ওয়ালটন। আবার গত বছরের শুধু জুলাই মাসের তুলনায় এবছর জুলাই মাসে বিক্রি বেড়েছে প্রায় ৮৯ শতাংশ।

ওয়ালটনের নির্বাহী পরিচালক ও বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রেজওয়ানা বলেন, বিগত বছরগুলোতে কোরবানি ঈদের আগে ফ্রিজের ব্যাপক চাহিদা দেখা যায়। সেজন্য রোজার পরপরই উৎপাদন থেকে শুরু করে বিপণন পরিকল্পনা তৈরি করা হয়েছে।