২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে রপ্তানি বাড়িয়ে কমাতে হবে বাণিজ‌্য ঘাটতি: তোফায়েল

ভারতের সঙ্গে বিশাল বাণিজ্য ঘাটতি কমাতে দেশটিতে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর উপর জোর দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2016, 10:26 PM

Updated : 20 Aug 2022, 01:25 PM

বৃহস্পতিবার সচিবালয়ে ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠকের পর তিনি বর্তমান ঘাটতিতে কোনো সমস‌্যা না দেখার কথাও সাংবাদিকদের জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, “আমাদেরও রপ্তানিও ধীরে ধীরে বাড়ছে। গত ৯ মাসে ভারতে আমাদের রপ্তানি প্রবৃদ্ধি ৩১ শতাংশ। এটা সত্যিই খুবই অনুপ্রেরণাদায়ক।

“বাণিজ্য ঘাটতি নানা দেশের সঙ্গেই আছে। আমাদের স্বার্থেই আমরা ভারত থেকে অধিক পণ্য আমদানি করি। আজ ভারত যদি আমাদেরকে তুলা না দেয়, আমরা কোথা থেকে আনব।”

শ্রিংলার সঙ্গে বৈঠকে পাট রপ্তানির ক্ষেত্রে বাধা কাটানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তোফায়েল। এছাড়া ভারত থেকে আসা কিছু কাঁচামালের শুল্ক কমাতে এনবিআরের সঙ্গে আলোচনা করবেন বলে জানান তিনি।

কোন কোন কাঁচামালের উপর শুল্ক বাড়ানো হয়েছে-এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “এর বিস্তারিত এখন বলা যাবে না। কারণ কাঁচামালের উপর শুল্ক বাড়লে এখানেও পণ্যের দাম বাড়বে।”

ভারতের হাই কমিশনার শ্রিংলা বলেন, “আমরা আমাদের বাজারে বাংলাদেশি পণ্যের কোটামুক্ত সুবিধা দিয়েছি। এখন আমরা ধারণা করছি, ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বেশ ভালোভাবেই বাড়ছে। কারণ আপনারা আমাদের বাজারে ভালোভাবে পৌঁছতে পারছেন। ভারতে বাংলাদেশ বেশ কিছু বিনিয়োগও রয়েছে।”

বাণিজ্য ঘাটতি প্রসঙ্গে শ্রিংলা বলেন, “যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশের বাজারে প্রবেশ করতে বাংলাদেশের স্বল্পমূল্যে প্রচুর কাঁচামাল দরকার হয়। সেটাই কেবল আমরা দিচ্ছি, যা বাংলাদেশের শিল্পের জন্য প্রয়োজন।”

সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতির কথা আবার বলেন শ্রিংলা।

তোফায়েল বলেন, “আমাদের দেশে কয়েকদিন আগে হলি আর্টিজান, কল্যাণপুরের ঘটনা ঘটেছে, এ ব্যাপারেও আমরা প্রতিবেশী দেশ হিসাবে একে অপরের সাহায্য সহযোগিতা পেয়ে থাকি। সন্ত্রাসী তৎপরতা ও জঙ্গি কার্যকলাপ নির্মূল করার ব্যাপারে আমরা উভয় দেশ উভয়কে সাহায্য করব।”

চার দেশের আন্তঃসংযোগের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, “এতে আমরাই বেশি লাভবান হব।”

বাংলাদেশ-ভারতের আরও দুটি সীমান্ত হাট শিগগিরই চালু হচ্ছে বলে জানান বাণিজ‌্যমন্ত্রী। এরপর আরও ৭টি চালু করা হবে বলে জানান তিনি।

পুরনো খবর:

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতিতে ক্ষতি নেই: মন্ত্রী