নাসা হ্যাকাথন প্রতিযোগিতায় আগ্রহী খুঁজছে বেসিস
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার হ্যাকাথন প্রতিযোগিতা ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ’র প্রতিযোগী খুঁজতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও স্পেস অ্যাপস বাংলাদেশ।
বাছাইয়ে উত্তীর্ণদের প্রশিক্ষণের দিয়ে সারা বিশ্ব থেকে আসা কয়েক হাজার মহাকাশ বিজ্ঞানী, প্রযুক্তিবিদের সঙ্গে প্রতিযোগিতার কৌশল শেখানো হবে বলে ঘোষণা দিয়েছে আয়োজকরা।
বৃহস্পতিবার ঢাকার কারওয়ান বাজারে বেসিস মিলনায়তনে ‘স্পেস অ্যাপস প্রজেক্ট অ্যাক্সিলারেটর’ শীর্ষক উদ্যোগের বিষয়ে বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে উপস্থিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জসহ অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের তরুণরা ইতোমধ্যেই ভালো করছে।
বেসিস ও স্পেস অ্যাপস বাংলাদেশের এই উদ্যোগ অনেক ভালো প্রকল্প তুলে আনবে বলে আশা প্রকাশ করে এ বিষয়ে আইসিটি ডিভিশন সর্বোচ্চ সহযোগিতা দেবে বলে আশ্বাস দেন তিনি।
এই উদ্যোগ থেকে পাওয়া ভালো প্রকল্পগুলোকে আইসিটি ডিভিশনের কানেক্টিং স্টার্টআপ, ইনোভেশন প্রজেক্টসহ বিভিন্ন প্রকল্প সহায়তায় যুক্ত করা হবে বলেও ঘোষণা দেন প্রতিমন্ত্রী পলক।
বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার বলেন, নতুন এই উদ্যোগ সরকারি-বেসরকারি যৌথ সহযোগিতায় এগিয়ে যাবে। এই ক্ষেত্রে বেসিস আগের মতো প্রয়োজনীয় সহযোগিতা দেবে।
এই কার্যক্রমের অ্যাকাডেমিক পার্টনার ও ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান বলেন, স্পেস অ্যাপস প্রজেক্ট অ্যাক্সিলারেটর প্রোগ্রামের জন্য অত্যাধুনিক ল্যাব তৈরি করা হয়েছে, যেখানে প্রবেশ করলেই নাসার কার্যালয়ে প্রবেশের অনুভূতি পাওয়া যাবে।
স্পেস অ্যাপস বাংলাদেশের প্রধান আরিফুল হাসান অপু জানান, স্পেস অ্যাপস প্রজেক্ট অ্যাক্সিলারেটর’ শীর্ষক কার্যক্রমের আওতায় প্রাথমিকভাবে সারাদেশ থেকে সেরা চারটি দল নির্বাচন করে তাদেরকে গবেষণাগার, মেন্টরিং, প্রকল্পের ভবিষ্যৎ বাণিজ্যিক কর্মপদ্ধতি সম্পর্কে ধারনা দেয়াসহ বিভিন্ন সহযোগিতা করা হবে।
এছাড়া মহাকাশ ও অন্যান্য গবেষণা সম্পর্কিত যেকোনো তথ্য সরবরাহ করবে নাসা।
যারা এই কার্যক্রমে তাদের প্রকল্প যুক্ত করতে আগ্রহী তাদেরকে আগামী ৩১ অগাস্ট এর মধ্যে স্পেস অ্যাপস বাংলাদেশের ওয়েবসাইট http://spaceappsbd.org/ থেকে নিবন্ধন করতে হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বেসিসের সাবেক সভাপতি শামীম আহসান উপস্থিত ছিলেন।
