তৈরি পোশাক পণ্যের বহুমুখীকরণের পরামর্শ রাষ্ট্রপতির
প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে টিকে থাকতে তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের পণ্যের বহুমুখীকরণের পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মঙ্গলবার বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গেলে এ পরামর্শ দেন তিনি।
বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান ২৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাষ্ট্রপতি বলেন, বিশ্বব্যাপী ব্যবসা আগের চেয়ে প্রতিযোগিতামূলক হয়েছে। টিকে থাকতে হলে পণ্যের বহুমুখীকরণ করতে হবে।
বিজিএমইএ নেতার রাষ্ট্রপতিকে সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও গত অর্থবছরে ২৮ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানির বিষয়টি তুলে ধরেন।
প্রেস সচিব বলেন, “২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করার লক্ষ্যমাত্রা অর্জন করতে তারা সক্ষম হবে বলেও রাষ্ট্রপতিকে জানানো হয়।
“তারা বলেন, তৈরি পোশাকের কারখানার কর্মপরিবেশ আগের তুলনায় ভালো হয়েছে। কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।”
তৈরি পোশাক খাতের উন্নয়নে সরকারের সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করে তা অব্যাহত থাকবে আশাপ্রকাশ করেন।
প্রেস সচিব বলেন, রাষ্ট্রপতি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে তৈরি পোশাক খাতের প্রশংসা করে তাদের নতুন উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
পাশাপাশি শ্রমিকদের কল্যাণের প্রতিও নজর দিতে তৈরি পোশাক কারখানার মালিকদের আহ্বান জানান রাষ্ট্রপতি।
