বাংলালিংক কার্যালয়ে ফোরজি প্রযুক্তি পরীক্ষায় হুয়াওয়ে
দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর বাংলালিংকের প্রধান কার্যালয়ে ফোরজি বা চতুর্থ প্রজন্মের নেটওয়ার্কের ওপর একটি পরীক্ষা চালিয়েছে বিশ্বখ্যাত আইসিটি সেবাদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে।
সোমবার হুয়াওয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার বাংলাদেশে ফোরজি প্রযুক্তি বাণিজ্যিকভাবে উদ্বোধনের আগে জরিপের অংশ হিসেবে এই পরীক্ষা পরিচালিত হয়েছে।
পরীক্ষাটির জন্য টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি একটি নির্দিষ্ট সময়ের জন্য হুয়াওয়েকে অনুমোদন দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের ভিশন ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণের পথ আরেক ধাপ এগিয়ে রাখতেই বিশ্বের হালানাগাদ প্রযুক্তি এলটিই (লং-টার্ম ইভোল্যুশন)/ফোরজি সেবা সবার হাতের নাগালে নিয়ে আসতে এই পরীক্ষা চালানো হয়।
ফোর্থ-জেনারেশন ওয়্যারলেসের সংক্ষিপ্ত নামই হচ্ছে ফোরজি, যা ব্রডব্যান্ড মোবাইল যোগাযোগের ক্ষেত্রে তৃতীয় প্রজন্মের চেয়ে অধিক শক্তিশালী।
গতানুগতিক প্রযুক্তি টাইম ডিভিশনাল মাল্টিপল একসেস (টিডিএমএ) ও কোড ডিভিশন মাল্টিপল একসেস (সিডিএমএ)-এর পরিবর্তে নতুন প্রযুক্তি অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি-ডিভিশনাল মাল্টিপ্লেক্সিং (ওএফডিএম) ব্যবহার করে ফোরজি নেটওয়ার্ক পরিচালনা করা হয়।
ফোরজি নেটওয়ার্কে উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে এর ব্যবহারকারীরা।
হুয়াওয়ের ফোরজি পরীক্ষার ফলাফল বেশ সন্তোষজনক জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ফোরজি প্রযুক্তির পরীক্ষার সময় ডাউনলোড স্পিড ৬০ মেগাবাইটেরও বেশি পাওয়া গেছে।
ফোরজি পরীক্ষা প্রসঙ্গে হুয়াওয়ে টেকনোলোজিস (বাংলাদেশ) লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাও হাওফু বলেন, “বাংলালিংকের প্রধান কার্যালয়ে ফোরজি পরীক্ষা সম্পন্ন করতে পেরে আমরা সন্তুষ্ট।
“আমরা লক্ষ্য করেছি যে, নতুন প্রযুক্তি নিয়ে মানুষ কতটা উত্তেজিত এবং আগ্রহী। আগামীর ডিজিটাল জীবনধারায় মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার এ পথচলায় যুক্ত থাকতে পেরে আমরা আনন্দিত।”
নতুন প্রযুক্তির নেটওয়ার্ক সিস্টেম বাংলালিংকের কার্যালয়ে পরীক্ষা করার জন্য হুয়াওয়ে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলালিংকের চিফ টেকনোলজি অফিসার সঞ্জয় ভাঘাশিয়া।
